• কাশ্মীরে সেনার এনকাউন্টারে যুবকের মৃত্যু ঘিরে তীব্র বিতর্ক, ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ
    বর্তমান | ০৪ এপ্রিল ২০২৬
  • বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: কাশ্মীরের গান্ধেরবালে সেনার এনকাউন্টার ঘিরে বিতর্ক তুঙ্গে। বুধবার সেনা ও পুলিশের যৌথ অভিযানে রশিদ আহমেদ মুঘল নামে এক যুবকের মৃত্যু হয়। সেনার তরফে নিহত রশিদকে ‘স্থানীয় জঙ্গি’ হিসাবে উল্লেখ করা হয়। তবে এই দাবি মানতে নারাজ যুবকের পরিবার। তাঁরা জানান, জঙ্গি কার্যকলাপের সঙ্গে কোনো যোগ ছিল না রশিদের। এনকাউন্টারের ঘটনাটিও ‘ভুয়ো’ বলেই অভিযোগ। বিতর্কের আবহে বিষয়টা নিয়ে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। 

    গোটা বিষয়টা নিয়ে রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনাকে সামনে রেখে সেনাকে একহাত নেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও এই ঘটনার স্বচ্ছ তদন্তের দাবি জানান। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘প্রকৃত তথ্য জনসমক্ষে আনতে হবে। মৃতের পরিবারের দাবি সরাসরি উড়িয়ে দেওয়া উচিত নয়।’ এরপরই শুক্রবার এলজি মনোজ সিনহা ঘটনাটির তদন্তের নির্দেশ দেন। যা শেষ করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। স্বরাষ্ট্র দপ্তরের তরফে জারি করা এক সরকারি নির্দেশে বলা হয়েছে, গান্ধেরবালের জেলা ম্যাজিস্ট্রেটকে রাশিদের মৃত্যু নিয়ে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এনকাউন্টারের ঘটনাক্রম ও বাস্তব তথ্য নির্ধারণ করে সাত দিনের মধ্যে  রিপোর্ট জমা দিতে হবে। গান্ধেরবালের ঘটনায় ম্যাজিস্ট্রেটের তদন্তকে স্বাগত জানিয়েছেন পিপলস কনফারেন্স প্রধান সাজাদ লোন। ঘটনার স্বচ্ছ তদন্ত হবে বলেই আশা প্রকাশ করেছেন তিনি।
  • Link to this news (বর্তমান)