প্রকাশ্যে বিজেপি নেতার দাদাগিরি! এক ব্যাক্তিকে লক্ষ্য করে লাথি, ঘুষি
বর্তমান | ০৪ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, তমলুক: ভোট আবহে বিজেপি নেতার দাদাগিরি ঘিরে উত্তেজনা নন্দীগ্রামে। জমি নিয়ে পারিবারিক বিবাদের জেরে এক ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকে লাথি, ঘুষি মারল বিজেপি নেতা অশোক করণ ও তাঁর সঙ্গীসাথীরা। নন্দীগ্রাম-১ ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের অধীন বৃন্দাবনচক গ্রামে ওই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আইনের দারস্থ না হয়ে নিজের হাতেই আইন তুলে নেওয়ার এই ধরনের মারধরের ঘটনার তীব্র সমালোচনা করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। অশোক করণ বিজেপির জেলা কমিটির সদস্য। দাদার ঘনিষ্ঠ ওই বিজেপি নেতা বৃহস্পতিবার দুপুরে বৃন্দাবনচক গ্রামে বিমল মাইতি নামে ওই ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়ে। চলে এলোপাথারি ঘুষি, লাথি। শুক্রবার এক ভিডিওতে এমনই চিত্র ধরা পরে। মুহুর্তের মধ্যেই ভাইরাল হয় সেই ভিডিও (সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’)।
স্থানীয় বিজেপি নেতা শঙ্কর সাউ বলেন, 'বিমল মাইতি আমাদের দলেরই এক সমর্থক। তাঁকে অন্যায়ভাবে মারধর করেছেন অশোক করণ। আশা করব, দল এনিয়ে উপযুক্ত পদক্ষেপ নেবে'। জানা গিয়েছে, নিজের ভাইদের সঙ্গে বিমল মাইতির জায়গা নিয়ে বিবাদ ছিল। সম্প্রতি তিনি রাস্তার ধারে জমির উপর বেড়া দেওয়ার কাজ করছিলেন। বিবাদী পক্ষের হয়ে বৃহস্পতিবার এলাকায় যান অশোক করণ। তার পরেই শুরু হয় বচসা। সেই বচসাই পরে হাতাহাতির রূপ নেয়। অশোক করণ এই ঘটনা প্রসঙ্গে বলেন, 'আমার নামে ৫০হাজার টাকা নেওয়ার মিথ্যা অভিযোগ করেছিল বিমল। কেন এরকম মিথ্যা অভিযোগ করেছিল সেটা জানতে গিয়েছিলাম। কিন্তু মারধরের ঘটনা ঘটেনি'।