• তালিকায় নাম বাদ, ডোমজুড়ে বিক্ষোভ
    বর্তমান | ০৪ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বৈধ নথি থাকা সত্ত্বেও সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার অভিযোগে ডোমজুড়ের বেগড়িতে বিক্ষোভে শামিল হলেন দুটি গ্রামের প্রায় এক হাজার সংখ্যালঘু বাসিন্দা। শুক্রবার দুপুরে বেগড়ি গ্রাম পঞ্চায়েতের শাখারিদহ গ্রামে এই বিক্ষোভ কর্মসূচি হয়। অভিযোগ, শাখারিদহ ও বানিয়াড়া গ্রামের বহু বাসিন্দার নাম সম্প্রতি প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকায় বাদ গিয়েছে।

    বিক্ষোভকারীদের দাবি, উপযুক্ত পরিচয়পত্র, জমির কাগজপত্র ও পূর্ববর্তী ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা কিয়ামুদ্দিন লস্কর জানান, তাঁদের পরিবারে ১৯ জন ভোটার থাকলেও ৯ জনের নাম তালিকায় নেই। তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের শুনানিতে সমস্ত নথি জমা দিয়েছি। এমনকি ২০০২ সালের ভোটার তালিকা ও ১৯৫৭ সালের জমির দলিলও দেখানো হয়েছে। তা সত্ত্বেও নাম বাদ গিয়েছে।’ আরেক বাসিন্দা শেখ সাজিদ রহমানের অভিযোগ, তাঁর পাসপোর্ট ও অন্যান্য বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। তিনি জানান, ২০০৬ সাল থেকে নিয়মিত ভোট দিলেও এবার তাঁর নাম নেই। বিক্ষোভকারীদের অভিযোগ, পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের নাম বাদ দেওয়া হচ্ছে। যদিও এই অভিযোগ অস্বীকার করে নির্বাচন কমিশনের তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি।
  • Link to this news (বর্তমান)