• ডেলিভারি বয়কে মার বিজেপির, প্রতিবাদে থানায় তৃণমূল বিধায়ক
    বর্তমান | ০৪ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: রাজারহাট-নিউটাউনের বিজেপি প্রার্থী পীযূষ কানোড়িয়ার প্রচার থেকে অনলাইন সংস্থার এক ডেলিভারি বয়কে মারধর করার অভিযোগ উঠল। শুক্রবার নারায়ণপুরের মণিখোলা এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। প্রতিবাদে নারায়ণপুর থানায় গিয়ে বিক্ষোভ দেখান খোদ বিধায়ক তথা রাজারহাট-নিউটাউনের তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। রক্তাক্ত যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। তাঁর মাথায় স্ক্যান করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, এলাকায় অশান্তির পরিবেশ কায়েম করার জন্য বিজেপি এই হামলা চালিয়েছে। যদিও বিজেপির দাবি, বিষয়টি সাজানো। তাঁদের ফাঁসানো হচ্ছে।

    প্রসঙ্গত, নারায়ণপুরের রামনগর এলাকায় বিজেপির প্রার্থীর দেওয়াল লিখন মোছাকে কেন্দ্র করে গত ৩০ মার্চ উত্তেজনা ছড়িয়েছিল। ওইদিন বিজেপি প্রার্থী পীযূষ কানোড়িয়া ঘটনাস্থলে পৌঁছে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করেন। অভিযোগ ছিল, পদ্মফুল আঁকা দেওয়াল মুছে ফেলা হয়েছে। যদিও তৃণমূলের দাবি, বিজেপি চক্রান্ত করে মিথ্যে প্রচার করছে।

    এদিন বিজেপি প্রার্থী পীযূষ কানোড়িয়া সেই রামনগরের দিক থেকে প্রচার করে মণিখোলার দিকে যাচ্ছিলেন। সেই সময় ওই ডেলিভারি বয়কে বিজেপি কর্মীরা মারধর করে বলে অভিযোগ। তৃণমূল প্রার্থী তথা বিধায়ক তাপস চট্টোপাধ্যায় বলেন, আগেরদিন দেওয়াল লিখন নিয়ে বিজেপি অশান্তি করেছিল। সেই সময় পাশে দাঁড়িয়েছিলেন এই গরিব খেটেখাওয়া ডেলিভারি বয়। তিনি আমাদের সমর্থক। এদিন তাঁকে একা পেয়ে বেধড়ক মারধর করে রক্তাক্ত করা হয়। আমরা থানায় গিয়ে প্রতিবাদ জানিয়ে এসেছি।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর ডেলিভারি বয়রা সকলে একজোট হয়ে নারায়ণপুর থানায় গিয়ে বিক্ষোভ শুরু করেন। থানায় গিয়ে বিক্ষোভে শামিল হন তৃণমূল বিধায়ক তাপসবাবু। তৃণমূলকর্মীরাও সেখানে হাজির হন। তাপসবাবু বলেন, বিজেপি প্রার্থী এখানে অশান্তি পাকাতে চাইছে। আমরা সকলকে বলেছি, শান্ত থাকুন। ওদের প্ররোচনায় পা দেবেন না। পুলিশকে বলেছি, দোষীকে গ্রেপ্তার করতে হবে। পুলিশের একটা অংশ পক্ষপাতিত্ব করছে। অন্যদিকে, সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে বিজেপি প্রার্থী পীযূষ কানোড়িয়া বলেন, আমি প্রচার করছিলাম। সেই সময় তৃণমূলের কর্মীরা আমাকে দেখে গো ব্যাক স্লোগান দিচ্ছিল। আমরা কাউকে মারধর করিনি। এটা সাজানো ঘটনা। আমাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)