হাতে আর ৬ দিন, বিজেপির প্রার্থী বদল হল না বিষ্ণুপুরে
বর্তমান | ০৪ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দ্বিতীয় দফা ভোটের মনোনয়ন জমা শুরু হয়ে গিয়েছে। হাতে রয়েছে আর ছ’দিন। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে এখনও প্রার্থী বদল করেনি বিজেপি। স্বভাবতই পদ্ম পার্টির কর্মী সমর্থকদের রীতিমত কটূক্তি শুনতে হচ্ছে শাসক দল থেকে সাধারণ মানুষ সবার কাছে। তাহলে কি প্রার্থী পাচ্ছে না গেরুয়া শিবির। এমনই নানা কটু প্রশ্নের মুখে পড়তে হচ্ছে দলীয় কর্মীদের। বিড়ম্বনায় পড়েছে বিজেপির ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলার নেতৃত্বও।
প্রসঙ্গত, বিষ্ণুপুর আসনে তফসিলি প্রার্থীর বদলে জেনারেল ক্যাটিগরির মুখ ঘোষণা করেছিল বিজেপি। চারটি তালিকা বেরিয়ে গেলেও প্রার্থী পরিবর্তনের কোনো নামগন্ধ করছে না পদ্ম পার্টি। সাংগঠনিক জেলার নেতাদের দাবি, মনোনয়নের জন্য অনেক কাজ থাকে। হাতে সময় খুব কম। নতুন প্রার্থীর নাম ঘোষণা হলে তাঁর পক্ষে পুরো প্রক্রিয়া বুঝে কাগজপত্র তৈরি করে তা জমা দিতে সহজ হবে না। কেন এই আসনে এমন টালবাহানা করছে কেন্দ্রীয় নেতৃত্ব সে ব্যাপারেও স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না। এই সাংগঠনিক জেলার নেতা সুফল ঘাটু বলেন, দু-একদিনের মধ্যে প্রার্থী ঘোষণা হবে। আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। যাকেই দল পাঠাবে তাঁকে নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব প্রচারে।
এদিকে বিষ্ণুপুর বিধানসভার বিভিন্ন এলাকায় ফাঁকা মাঠে দাপিয়ে প্রচার করছেন তৃণমূলের বিধায়ক দিলীপ মণ্ডল। এই কেন্দ্রে সিপিএমও প্রার্থী দিয়েছে। কিন্তু তাদের সেভাবে দেখা যাচ্ছে না মাঠে। আর বিজেপি প্রার্থী তফসিলি জাতি না হওয়ায় তিনি হাত গুটিয়ে ঘরে বসে রয়েছেন। সব মিলিয়ে চরম অস্বস্তিকর পরিস্থিতি সম্মুখীন হতে হচ্ছে পদ্ম শিবিরকে।