নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাংগঠনিক দিক থেকে এঁটে উঠতে না পারে এজেন্সিকে কাজে লাগিয়ে শাসক দলের প্রার্থীদের কালিমালিপ্ত করার চেষ্টা চালাচ্ছে বিজেপি। এই অভিযোগ বারবার তুলেছে তৃণমূল। ভোটের বাজারে পুরানো মামলায় ডাকা শুরু হয়েছে তাঁদের। জমি দখলের মামলায় শুক্রবার ফের তলব করা হয় রাসবিহারী কেন্দ্রে তৃণমূলের প্রার্থী দেবাশিস কুমারকে। সেইমতো তিনি বেলা এগারোটা নাগাদ পৌঁছে যান সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে। জোর করে জমি দখল ও রিয়েল এস্টেট ব্যবসায়ীর বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় তাঁকে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তবে বাইরে বেরিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি। জানিয়ে যান, যা বলার দল বলবে। এদিকে পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী সুজিত বসুকে আগামী ৬ তারিখ তলব করেছে ইডি। ৮ এপ্রিল ডাকা হয়েছে মন্ত্রী রথীন ঘোষকে। রথীনবাবু তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, যে মামলায় চার্জশিট হয়ে গিয়েছে তাতে ডাকার অর্থ তাঁকে অপদস্থ করা ছাড়া কিছু নয়। সাক্ষী হিসাবে তাঁকে ডাকা হয়েছে। আধার ও ভোটার নিয়ে যেতে বলেছে। কিন্তু তিনি এখন নির্বাচনি প্রচারে ব্যস্ত। কীভাবে যাবেন। আইনজীবী মারফত বিষয়টি তিনি ইডিকে জানিয়ে দেবেন।