সংগঠনের শক্তিতে ভরসা নেই! তৃণমূলের সঙ্গে ভোটযুদ্ধে বাম শরিকদের কাছে ‘রসদ’ চাইলেন বঙ্গ বিজেপির সভাপতি শমীক
বর্তমান | ০৪ এপ্রিল ২০২৬
সংবাদদাতা, উলুবেড়িয়া: তলানিতে সংগঠন। তৃণমূলের সঙ্গে লড়তে নেমে তাই বামফ্রন্ট শরিকদের কাছে ‘রসদ’ চাইলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শুক্রবার বিকেলে শ্যামপুর কেন্দ্রের দলীয় প্রার্থী হিরন্ময় (হিরণ) চট্টোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত প্রচারসভায় বাম শরিক ফরওয়ার্ড ব্লক-আরএসপি’র কাছে বঙ্গ বিজেপি সভাপতির কাতর আরজি—‘যদি ডান হাত দিয়ে না হয়, তবে আপনারা বাম হাত দিয়েই ইভিএমে পদ্মফুল চিহ্নের বোতাম টিপুন।’ রাজনৈতিক মহলের চর্চা, এ যেন ভোটের মনসামঙ্গল! যেনতেন প্রকারে শিবভক্ত চাঁদ সওদাগরের কাছ থেকে পুজো নিতে চান দেবী মনসা। সমর্থন জোগাতে একই আরজি শমীক জানিয়েছেন কংগ্রেস কর্মী-সমর্থকদের কাছেও।
শমীক বলেন, ‘সিপিএম-তৃণমূলের প্রবল প্রেম চলছে। একে অপরকে দেখলেই বলছে, এবার একসাথে যাই। শ্যামপুরের ফরওয়ার্ড ব্লক- আরএসপি কর্মীদের কাছে তাই আবেদন করছি, যদি তৃণমূলকে রাখেন, তাহলে বাড়ির ভিতরে যে পতাকাটা রয়েছে, সেটাও রাখতে পারবেনা। পার্টি অফিস তো তৃণমূল দখল করে নিয়েছে।’ বঙ্গ বিজেপি সভাপতির পরামর্শ, ‘যদি নো ভোট টু বিজেপিতে অংশগ্রহন করেন, নিজেদের প্রার্থীকে একটু বেশি ভোট পাইয়ে হিরণকে ডুবিয়ে তৃণমূলকে ভাসিয়ে তুলতে চান, তাহলে আপনারাই কিন্তু ডুববেন! তাই এবারের নির্বাচনে দলীয় আদর্শটাকে নিজের বুকের মধ্যেই রাখুন।’
শমীকের কটাক্ষ, ‘এখানে ফরওয়ার্ড ব্লকের যে বাঘ ছিল, দীর্ঘদিন সিপিএমের সঙ্গে রাজত্ব করে সে তো বিড়াল হয়ে গিয়েছে। বিড়ালটাকে বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু তাকে ঘরের মধ্যেই রাখুন। আপনাদের কাছে আবেদন, এই নির্বাচনে বিড়ালটাকে বাইরে বের করবেন না।’ একইসঙ্গে কংগ্রেস কর্মী-সমর্থকদের কাছে বঙ্গ বিজেপির সভাপতি আকুতি—‘কংগ্রেস ২৯৪টি আসনেই প্রার্থী দিয়েছে। কংগ্রেসের একটাই লক্ষ্য, বিজেপির শক্তি কমানো। তাই আবেদন করছি, এখনও যে বা যাঁরা কংগ্রেসকে ভোট দেন, তাঁরা একবার ভেবে দেখুন।’