উত্তরপাড়ায় আক্রান্ত ছাত্রনেতাই গ্রেপ্তার, ক্ষোভ প্রকাশ মীনাক্ষীর
বর্তমান | ০৪ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: গত মঙ্গলবার রাতে হুগলি জেলা এসএফআইয়ের সভাপতি সুশীল দাসের উপরে হামলা হয়েছিল। সেই ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলে কানাইপুর ফাঁড়ি ঘেরাও করেছিলেন সিপিএমের রাজ্যনেত্রী তথা উত্তরপাড়ার প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। শুক্রবার সেই সুশীলকেই গ্রেপ্তার করল উত্তরপাড়া থানার পুলিশ। এই ঘটনার জেরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশের এই ভূমিকার তীব্র নিন্দা করেছেন মীনাক্ষী। তাৎপর্যপূর্ণভাবে, মঙ্গলবার রাতে সুশীলের সঙ্গে তাঁর বাবা সঞ্জীব দাসের উপরেও হামলা হয়েছিল। তাঁদের পিজি হাসপাতালে ভরতি করা হয়েছিল। এদিনই কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরেন সুশীল।
উত্তরপাড়া থানার পুলিশ সুশীলকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছে। পুলিশের দাবি, মঙ্গলবার রাতে মদ খাওয়া নিয়ে স্থানীয় টোটো চালকদের সঙ্গে কোন্নগরের আদর্শনগরের বাসিন্দাদের বিবাদ হয়েছিল। স্থানীয় বাসিন্দা সুশীল সেই সময় নাগরিকদের পক্ষ নিয়েছিলেন। পরে দু’পক্ষের মধ্যে সংঘাত হয়। অভিযোগ এবং পালটা অভিযোগ হয়।
মীনাক্ষী বলেন, উত্তরপাড়ার জনমত পড়তে পারছে তৃণমূল কংগ্রেস। তাই দুষ্কৃতীদের দিয়ে হামলা করাচ্ছে তারা। পুলিশও নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। আমরা শেষ দেখে ছাড়ব। তৃণমূলের উত্তরপাড়ার নেতা দিলীপ যাদব বলেন, পুলিশ তো এখন নির্বাচন কমিশনের। যতদূর জানি, স্থানীয় বিবাদকে ঘিরেই ওই ঘটনা ঘটেছে। এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই।