• রাজ্যজুড়ে বেআইনি জমায়েত নিষিদ্ধ করল নির্বাচন কমিশন
    বর্তমান | ০৪ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিইও দপ্তরের সামনে বিক্ষোভ এবং মালদহ কাণ্ডের পর কঠোর পদক্ষেপ নিল কমিশন। রাজ্যের কোথাও বেআইনি জমায়েত করা যাবে না। কোনো জমায়েত করতে হলে অনুমতি প্রয়োজন হবে। অনুমতি না থাকলে সেটি বেআইনি জমায়েত হিসাবে বিবেচিত হবে। কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে রাজ্যজুড়ে বেআইনি জমায়েতের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অনুমতি ছাড়া কোনো মিছিল, সভা বা জমায়েত করা যাবে না। যদি কেউ এই নির্দেশ অমান্য করেন, তাহলে সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেপ্তার করা হবে বলে জানানো হয়েছে। এমনকি মুখ্য নির্বাচনি আধিকারিকের দপ্তরে যাওয়ার ক্ষেত্রেও আগে থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

    অন্যদিকে, বিএলও রক্ষা কমিটি মঞ্চকে ঘিরেও কড়া সতর্কবার্তা দিয়েছে নির্বাচন কমিশন। সূত্রের খবর যদি তাঁরা আবার কোনোভাবে মঞ্চ বেঁধে বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিদের তৎক্ষণাৎ সাসপেনশনের চিঠি ধরিয়ে দেওয়া হবে। গত মঙ্গলবার ফর্ম ৬ নিয়ে সিইও দপ্তরের সামনে বিক্ষোভ দেখান তৃণমূলপন্থী বিএলও-রা। পরে তাঁদের সঙ্গে বচসা শুরু হয় বিজেপি সমর্থকদের। পুলিশের সঙ্গেও ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। ব্যারিকেড ভেঙে প্রবেশ করার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পরে কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

    অন্যদিকে জানা গিয়েছে, ভবানীপুরে গন্ডগোল নিয়ে তিনটি এফআইআর দায়ের হয়েছে। একটি এফআইআর করেছে কালীঘাট থানা। অন্য দুটি এফআইআর দায়ের হয়েছে আলিপুর থানায়। যার মধ্যে একটি ইআরও-র অভিযোগের ভিত্তিতে দায়ের হয়েছে।
  • Link to this news (বর্তমান)