• অবসরপ্রাপ্ত বিচারপতি ট্রাইবুনাল থেকে সরে দাঁড়ালেন
    বর্তমান | ০৪ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার অ্যাপিলেট ট্রাইবুনাল থেকে সরে দাঁড়ালেন অবসরপ্রাপ্ত বিচারপতি তপেন সেন। হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখে তিনি সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। ঝাড়খণ্ডের বাসিন্দা বিচারপতি সেন তাঁর চিঠিতে জানিয়েছেন, কলকাতায় এসে ট্রাইবুনালের কাজ করা তাঁর পক্ষে সম্ভব নয়। সূত্রের খবর, মূলত বয়সজনিত কারণ, সেই সঙ্গে পরিকাঠামোগত সমস্যা থাকায় তাঁর পক্ষে কলকাতায় এসে কাজ করা সম্ভব নয় বলে চিঠিতে লিখেছেন তিনি। এর ফলে ট্রাইবুনালে ১৯ বিচারপতির জায়গায় ১৮জন থাকছেন আপাতত। এই পরিস্থিতিতে বিকল্প হিসাবে অন্য অবসরপ্রাপ্ত বিচারপতি খোঁজার কাজ শুরু করেছে হাইকোর্ট কর্তৃপক্ষ। 

    শুক্রবার নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বিচারাধীন তালিকা থেকে ‘ডিলিটেড’ ভোটাররা অফলাইন এবং অনলাইন, দু’ভাবেই আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করা যাবে voter.eci.gov.in সাইটে লগ-ইন করে। জেলাশাসক বা মহকুমা শাসকের অফিসে গিয়ে জমা করা যবে অফলাইনে আবেদন। প্রতিটি আবেদনে এপিক নম্বর দেওয়া বাধ্যতামূলক। প্রতিটি আবেদন ‘ডিসপোজাল’ করার দায়িত্ব সম্পূর্ণ দায়িত্ব বর্তাবে জেলাশাসক বা জেলা নির্বাচনি আধিকারিকের উপর।  

    কিন্তু অফলাইনে জমা পড়া আবেদনগুলি ডিজিটাইজেশন বা অনলাইনে আপলোডের প্রক্রিয়া এখনও চূড়ান্ত হয়নি। এই কাজ কীভাবে করা যায়, মুখ্যসচিবের তরফে জেলাশাসকদের থেকে প্রস্তাব চাওয়া হয়েছে। মালদহের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে রাজ্যের পুলিশ ও প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ‌্যসচিব দুষ্মন্ত নারিয়ালা। এই কাজের জন্য ডেটা এন্ট্রি অপারেটর নিযুক্ত করা নিয়েও আলোচনা হয়। সেই প্রস্তাবে ছাড়পত্র মিললে তবেই চালু হবে আবেদন ডিজিটাইজেশনের কাজ। এখানেই প্রশ্ন, এই পাহাড়প্রমাণ কাজ কি মনোনয়নের পর্ব শেষের আগে আদৌ করা সম্ভব?
  • Link to this news (বর্তমান)