• ‘দাগী’ নেতাদের পুলিশি নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ কমিশনের, বিতর্ক
    বর্তমান | ০৪ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফৌজদারি মামলায় জামিন বা প্যারোলে থাকা অভিযুক্ত ব্যক্তিরা পুলিশি নিরাপত্তা পেয়ে থাকলে, তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। শুক্রবার রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং রাজ্য পুলিশের নোডাল অফিসারকে এই মর্মে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এই নির্দেশকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য পুলিশের এক সূত্র জানাচ্ছে, ‘কমিশনের এই আচরণ পক্ষপাতদুষ্ট বলেই মনে হচ্ছে।’ কারণ, বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে ১০০-র বেশি মামলা রয়েছে। অথচ তিনি কেন্দ্রীয় নিরাপত্তা পেয়ে থাকেন। স্বভাবতই তৃণমূল শিবির থেকে প্রশ্ন তোলা হয়েছে, তবে কি এবার অর্জুনের মতো বিজেপি নেতাদের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ দেবে কমিশন?

    রাজ্য পুলিশের এক সূত্রের কথায়, ‘নন-ক্যাটিগরাইজ’ ও ‘ক্যাটিগরাইজ’, এই দু’ধরনের নিরাপত্তা দেওয়া হয়। ঝুঁকি বিচার করেই এই নিরাপত্তা দিয়ে থাকেন রাজ্য পুলিশের নিরাপত্তা অধিকর্তা। আর ‘নন-ক্যাটিগরাইজ’ নিরাপত্তা দেয় রাজ্য বা কলকাতা পুলিশ।

    তবে পরিস্থিতি যাই হোক না কেন, কমিশনের এই নির্দেশিকার ফলে ভোটের সময় বিপাকে পড়তে চলেছেন তৃণমূলের কয়েকজন প্রার্থী। রাজ্য পুলিশের আশঙ্কা, কমিশনের এই নির্দেশের ফলে বারাকপুর কমিশনারেট এলাকায় তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম, সুবোধ অধিকারীর মতো নেতারা বিপাকে পড়তে চলেছেন। কারণ, কমিশনের এই নির্দেশিকার পর এই নেতাদের নিরাপত্তা প্রত্যাহার করা এখন শুধু সময়ের অপেক্ষা। একই পরিস্থিতি তৈরি হতে পারে ভাঙ঩ড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার ক্ষেত্রেও। কমিশনের এই নির্দেশের ফলে বিপাকে পড়বেন বারাকপুরে বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচীও। তিনি রাজ্য পুলিশের নিরাপত্তা পেয়ে থাকেন। আবার বিপাকে পড়তে পারেন বিজেপি নেতা রাকেশ সিংও। যদিও বর্তমানে তিনি জেলবন্দি।
  • Link to this news (বর্তমান)