• ওদের হাতে বঞ্চনার রিমোট, আপনাদের ইভিএম: অভিষেক
    বর্তমান | ০৪ এপ্রিল ২০২৬
  • রামকুমার আচার্য, দুর্বাদল চন্দ্র, জয়পুর ও খানাকুল: ‘বিজেপি লাগাতার বঞ্চনা করে চলেছে। ওদের হাতে বঞ্চনার রিমোট কন্ট্রোল থাকলে আপনাদের হাতে আছে ইভিএম। বোতাম টিপে এমন জবাব দিন, যাতে দিল্লির বঞ্চনার খেলা শেষ হয়ে যায়।’ শুক্রবার পুরুলিয়ার বামনিয়া ডাকবাংলো ময়দানের সভা থেকে এভাবেই বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন একের পর এক উদাহরণ তুলে ধরে কেন্দ্রের বিজেপি সরকারকে বিঁধেছেন। সেই সঙ্গে কেন তৃণমূলকেই আবার সরকারে আনতে হবে, তাও জানিয়েছেন। 

    এদিন পুরুলিয়ার জয়পুর, বাঁকুড়ার পাত্রসায়র ও আরামবাগের খানাকুলে পরপর তিনটি নির্বাচনি জনসভা করেন অভিষেক। প্রতিটি সভায় ছিল ব্যাপক ভিড়। গণদেবতার আশীর্বাদ মাথায় নিয়ে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক। তিনি বলেন, ‘মোদি সরকারের আগে দেশের কী পরিস্থিতি ছিল? গত ১০-১২ বছরে এই সরকার কোন দিকে নিয়ে গিয়েছে দেশকে, সবটাই দেখেছেন। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া হয়েছে। রান্নার গ্যাসের দাম ৪০০ থেকে বেড়ে হয়েছে হাজার টাকা। ব্ল্যাকে বিক্রি হচ্ছে আড়াই হাজার টাকায়। পেট্রলের দাম ৫০ টাকা থেকে বেড়ে ১০০ টাকা, ডিজেল ৩৮ টাকা থেকে ৯০ টাকা হয়েছে। ট্রেনের প্ল্যাটফর্ম টিকিট পাঁচ টাকা ছিল। এখন ৩০ টাকা। কেরোসিন ১৪ টাকায় পাওয়া যেত। এখন কিনতে হচ্ছে ৩৮-৪০ টাকায়। তাই যদি বিজেপি জেতে, আপনাদের চোখে জল নেমে আসবে।’

    বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি আরও বলেন, ‘মোদি সরকার সাধারণ মানুষকে লাইনে দাঁড় করাতে ভালবাসে। কখনো নোটবন্দি, কখনো এলপিজি বা অপরিকল্পিত লকডাউনের নামে সাধারণ মানুষকে হয়রান করা হয়েছে। এবার মানুষ লাইনে দাঁড়িয়ে ইভিএমের মাধ্যমে এর যোগ্য জবাব দেবে।’ তাঁর সাফ বার্তা, ‘রিমোট কন্ট্রোলের মাধ্যমে দিল্লির নেতারা বাংলার টাকা আটকে দিলেও মানুষের অধিকার কেড়ে নিতে পারবে না। মোদি গরিব মানুষকে ভাতে মেরেছে। পকেট থেকে টাকা লুটে নিচ্ছে। কেন্দ্রীয় সরকার গরিব মানুষের জল জীবন মিশনের টাকা আটকে রেখেছে। তাও রাজ্য সরকারের টাকায় জল জীবন প্রকল্প চালু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। দিদি দিচ্ছে, মোদি লুটছে।’

    বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে অভিষেক খানাকুলেও বিজেপিকে তোপ দেগেছেন। তিনি বলেন, ‘গরিব মানুষের ১০০ দিনের কাজ, জল, আবাস সবেরই টাকা বন্ধ করে দিয়েছেন নরেন্দ্র মোদি। বাংলায় হেরে গিয়েছে বলে টাকা বন্ধ করে দিয়েছে। এরা সম্পূর্ণ জনবিরোধী সরকার। রিমোট কন্ট্রোলের বোতাম টিপে বাংলার টাকা বন্ধ করে দিয়েছে। ইভিএমেই এর জবাব দিতে হবে আপনাদের।’ এই বক্তব্যের পর জনতার গর্জন বুঝিয়ে দিয়েছে, তারা তৃণমূল সেনাপতির ডাকে সাড়া দিয়ে ভোটযুদ্ধের জন্য প্রস্তুত। 
  • Link to this news (বর্তমান)