ভরদুপুরে ফাঁকা রাস্তা, ভবানীপুরে চুপিচুপি দেওয়াল দখল বিজেপির
বর্তমান | ০৪ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভরদুপুরে খাঁ খাঁ করছে পাড়া। সেই সুযোগ নিয়ে ভবানীপুরে দেওয়াল দখল করতে হানা বিজেপি। অভিযোগ, কোনো অনুমতি ছাড়াই ফাঁকা দেওয়ালে স্প্রে রং দিয়ে বিজেপির প্রতীক এঁকে দিচ্ছে বিজেপির ভাড়া করা কর্মীরা। জানা গিয়েছে, বাড়ির বাসিন্দারা পুলিশে অভিযোগ জানিয়েছেন।
১৮ এ চক্রবেড়িয়া রোড (সাউথ)। ভরদুপুর। বাড়ির দরজা বন্ধ। বাড়ি লাগোয়া একটি লন্ড্রিও বন্ধ। কড়া রোদের কারণে রাস্তাঘাট শুনশান। সেই সুযোগ নিয়ে শুক্রবার দুপুরে স্প্রে করে বিজেপির পদ্মফুল এঁকে দেওয়া হয়েছে বাড়ির দেওয়ালে। সে বাড়ির বাসিন্দা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, এই বাড়ির দেওয়াল নতুন করে রং করা হয়েছে এবং সেখানে তৃণমূল কংগ্রেসকে দেওয়াল লিখনের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু এদিন বিকেলে দোকান খুলতে গিয়ে আচমকা তিনি দেখেন বাড়ির দরজা সংলগ্ন দেওয়ালে বিজেপির প্রতীক আঁকা। দোকানের পাশের দেওয়ালেও বিজেপির প্রতীক আঁকা হয়েছে। একইভাবে ৪৮ নম্বর বলরাম বোস ফার্স্ট লেনের ঠিকানার একটি বাড়িতে এভাবে চুপিচুপি পদ্ম এঁকে দিয়েছে কেউ বা কারা। বাড়ির বসিন্দা গুরজিৎ সিং ঢিলন জানান, বিজেপিকে প্রতীক আঁকার অনুমতি দেওয়া হয়নি। নতুন রং হয়েছিল। সেখানে ফাঁকা পেয়ে এঁকে দিয়েছে। ভবানীপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অসীম বসু বলেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোনো বাড়ির দেওয়ালে যে পার্টি দেওয়াল লেখে সেই পার্টিকে সংশ্লিষ্ট বাড়ির মালিকের অনুমতি লিখিয়ে নিতে হয়। আমরা বিভিন্ন বাড়ি থেকে সেই অনুমতিপত্র নিয়েছি। অনেক জায়গাতে দেওয়াল লিখন হয়েছে। কোথাও চুনকাম করা হয়েছে। দেওয়াল লিখন করা হবে। এই অবস্থায় সেই সমস্ত ফাঁকা দেওয়াল দেখলেই সেখানে বিজেপির প্রতীক স্প্রে করে এঁকে দিয়ে চলে যাচ্ছে। তিনি আরও বলেন, আমরা হাতেনাতে ধরেছি। কিন্তু ওরা কেউ বিজেপি কর্মী নয়। এই অঞ্চলে বিজেপির সংগঠন নেই। কর্মীও নেই। ভাড়া করা কর্মীরা এসে ভরদুপুরে চুপিচুপি দেওয়ালে লিখে চলে যাচ্ছে। বাড়ির বাসিন্দারা থানায় অভিযোগ জানিয়েছেন। নির্বাচন কমিশনেও অভিযোগ জানানো হচ্ছে।