নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আচমকাই এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের (সিসিইউ) চাঙড় ভেঙে পড়ল। ইউএনবি বাড়ির সর্বোচ্চতলে অবস্থিত এই সিসিইউ-এ অধিকাংশ বেডে সেই সময় আশঙ্কাজনক রোগীরা ছিলেন। বুধবারের ওই ঘটনায় সৌভাগ্যবশত কেউ আহত হননি। দু’টি সিসিইউ বেডের মাঝখানে চাঙড় খসে পড়ায় বড়ো বিপদ হয়নি। তবে ঘটনার অভিঘাতে আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও তাঁদের বাড়ির লোকজন। সঙ্গে সঙ্গে পূর্তদপ্তরে খবর দেওয়া হয়। রোগীদের প্রথমে সিসিইউয়ের অন্যপাশে এবং
তারপর এইচডিইউতে সরিয়ে দেওয়া হয়। পূর্তদপ্তর প্রয়োজনীয় মেরামতির কাজ শুরু করেছে বলে স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে।
সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই এনআরএস-এর এই বিল্ডিংয়ের অবস্থা বিপজ্জনক। স্বাস্থ্যদপ্তর ও এনআরএস কর্তৃপক্ষকে বহুদিন আগেই এব্যাপারে সতর্ক করেছিলেন পূর্তদপ্তরের আধিকারিকরা। তাঁরা বলেছেন, ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে ইউ এন ব্রহ্মচারী বাড়ির। সেইমতো হাসপাতালের সুপার ও উপাধ্যক্ষের অফিসের সামনে গড়ে তোলা হয়েছে বি সি রায় বিল্ডিং। কিছুদিন আগেই
নতুন বাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। সেখানেই ধাপে ধাপে ইউএনবি বাড়ির ওয়ার্ড, সিসিইউ ও বিভাগগুলি সরানো হবে। ১৫ বেডের সিসিইউ সেখানেই চলে যাবে বলে জানা গিয়েছে।