• পাগল হয়ে যাচ্ছি...', রাহুলের মৃত্যু মানতেই পারছেন না অর্জুন! তদন্তের দাবি তুলে কী লিখলেন?
    আজকাল | ০৪ এপ্রিল ২০২৬
  • গত ২৯ মার্চ ওড়িশার তালসারিতে শুটিং করতে গিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। এই অসময়ে তাঁর চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর সহকর্মী থেকে অনুরাগী, কেউই। রাহুলের মৃত্যুতে উঠেছে একাধিক প্রশ্ন। এবার গোটা বিষয় নিয়ে কী লিখলেন অর্জুন চক্রবর্তী?

    এদিন ইনস্টাগ্রামে অর্জুন চক্রবর্তী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে তিনি অভিনেতাকে তাঁর 'নিজের দাদার মতো' বলে উল্লেখ করেন। একই সঙ্গে লেখেন, 'ঋষির জিম করা তো একটা আর্ট ফর্ম। ভাই কী করে করিস বল তো? এই ধরনের কমপ্লিমেন্ট কে দেবে রাহুল দা? আবির দা আর তুমি তো নিজের দাদার মতোই। কাজ ছাড়া আরও বেশি দেখা করলে, আড্ডা মারলে ভাল করতাম। জানতাম না সুযোগটা আর হবে না। শহরের বাইরে বসে সহজ কথার এক একটা এপিসোড দেখে তোমায় টেক্সট করতাম, তুমি রিপ্লাই দিতে। বারবার টেক্সটগুলো দেখছি।'

    অর্জুন এদিন আফসোস করে বলেন, ' এটা মেনে নেওয়া যায় না। বাকিদের মতো আমিও সত্যিটা জানতে চাই। শেষ মুহূর্তে কী ভাবছিলে, সেটা ভেবে ভেবে পাগল হচ্ছি। সবসময় অন্যায়ের বিরুদ্ধে যে কথা বলত, সে এসব দেখে কী বলত? অনেক প্রশ্ন, কোনও উত্তর নেই এখনও অবধি।'

    অর্জুন এদিন তাঁর কাছের মানুষের উদ্দেশ্যে শেষ বার্তায় লেখেন, 'আশা করি তুমি শান্তিতে আছ দাদা। তোমার কথা খুব মনে পড়বে।'

    ২৯ মার্চ না ফেরার দেশে পাড়ি দিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তালসারিতে 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের উজান এবং কুইনের মধুচন্দ্রিমার শুটিং চলছিল। সেই সময়ই হঠাৎই জলে পড়ে যান অভিনেতা। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ৩০ মার্চ ময়নাতদন্তের পর রাহুলের মৃতদেহ কলকাতায় ফিরিয়ে আনা হয়। সেদিনই সন্ধ্যায় কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য হয়েছে। তাঁর ছেলে সহজ তাঁর মুখাগ্নি করেছে। আগামী ৪ এপ্রিল রাহুলের জন্য ন্যায় বিচার চেয়ে তাঁর সহকর্মীরা টেকনিশিয়ান স্টুডিও থেকে রাধা স্টুডিও পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন।

    প্রসঙ্গত, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দুই দশকের বেশি সময় ধরে টলিউডে কাজ করছেন। ছোটপর্দা থেকে বড়পর্দায়, ওয়েব দুনিয়ায় ছিল তাঁর অবাধ যাতায়াত। বর্তমানে তাঁকে দর্শকরা 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকে দেখতে পাচ্ছিলেন। তাঁর এবং শ্বেতা মিশ্রর রসায়ন দর্শকদের নজর কেড়েছিল। টিআরপিতেও তার ফল দেখা যাচ্ছিল। এছাড়া তিনি আগে 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকে অভিনয় করেছেন। এছাড়া তাঁকে দর্শক সদ্যই 'ঠাকুমার ঝুলি' সিরিজে দেখেছেন। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে হইচই প্ল্যাটফর্মের এই সিরিজে তিনি ছিলেন। অভিনয় করেছিলেন দারোগার চরিত্রে। অভিনয় ছাড়া রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় 'সহজ কথা' নামক একটি পডকাস্ট শো সঞ্চালনা করতেন।
  • Link to this news (আজকাল)