• 'আরও একটা রাহুলের ঘটনা যেন না হয়', 'চিরদিনই তুমি যে আমার'-এর নায়ক দুর্ঘটনায় প্রাণ হারাতেই বাকিদের কী বললেন রাজ?
    আজকাল | ০৪ এপ্রিল ২০২৬
  • ২০০৮ সাল। 'চিরদিনই তুমি যে আমার' ছবির হাত ধরে ডেবিউ হয়েছিল তিনজনের। নায়ক, নায়িকা, পরিচালক। কথা হচ্ছে, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার এবং রাজ চক্রবর্তীর। সদ্যই এই ছবির নায়ক তথা টলিউডের জনপ্রিয় অভিনেতা, লেখক, বাচিক শিল্পী এবং নাট্যকর্মী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। তাঁর মৃত্যুতে এবার কী বললেন রাজ চক্রবর্তী?

    রাহুলের প্রয়াণের শোক এবং শক কোনওটাই সামলে উঠতে পারেননি এখনও রাজ। সহকর্মীর মৃত্যুতে পরিচালক সংবাদমাধ্যমকে বলেন, "রাহুলের এই ঘটনাটা আমাদের জন্য খুবই দুঃখজনক। এখনও এই ট্রমা থেকে বেরোতে পারিনি। ৪২ বছরের একটা ছেলে, এত ভাল অভিনেতা... ওর সঙ্গে আমার প্রথম ছবি, ওরও প্রথম ছবি... খুব ভাল অভিনেতা ছিল। ভাল লিখত, ভাল নাট্যকর্মী ছিল। এটা মেনে নেওয়া যাচ্ছে না। সবাই খুবই বিরক্ত, হতাশ।"

    রাহুলের মৃত্যুতে প্রশ্ন উঠতে প্রযোজনা সংস্থার দায়িত্ব নিয়ে। মনে করা হচ্ছে, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এই বিষয়ে রাজের জবাব, "যতক্ষণ না গোটা ঘটনাটা উঠে আসছে ততক্ষণ মন্তব্য করা উচিত হবে না।। তবে, সবসময় মনে হয় নিরাপদ থাকা ভাল। নিজেদেরও নিজেদের নিরাপত্তা বুঝে নিতে হবে। অন্যের উপর নিজেকে ছেড়ে দেব না। আমাকে বাড়ি ফিরতে হবে। সেটা মাথায় রাখতে হবে। নিরাপত্তা সবার জন্য দরকার। সে একজন টেকনিশিয়ান হতে পারে, একজন শিল্পী, একজন গাড়িচালক হতে পারে। নিজে নিরাপদ থাকলেই অন্যকে নিরাপদ থাকতে পারব। আরও একটা রাহুলের ঘটনা যেন না হয় তাই নিজের নিরাপত্তা নিজে বুঝে নাও।" তিনি এদিন সাংবাদিকদেরও নিরাপদে থাকার পরামর্শ দেন।

    তিনি এদিন আরও বলেন, "সোশ্যাল মিডিয়া খুললেই ওর পোস্ট। দেখতে না চাইলে, ইগনোর করলেও আসছে। মন খারাপ করছে। 'পিয়া রে পিয়া রে' গানটি শুনছিলাম, দেখছিলাম ওর ছবির সঙ্গে অনেকে ব্যবহার করছিল।"

    ২৯ মার্চ না ফেরার দেশে পাড়ি দিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তালসারিতে 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের উজান এবং কুইনের মধুচন্দ্রিমার শুটিং চলছিল। সেই সময়ই হঠাৎই জলে পড়ে যান অভিনেতা। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ৩০ মার্চ ময়নাতদন্তের পর রাহুলের মৃতদেহ কলকাতায় ফিরিয়ে আনা হয়। সেদিনই সন্ধ্যায় কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য হয়েছে। তাঁর ছেলে সহজ তাঁর মুখাগ্নি করেছে। আগামী ৪ এপ্রিল রাহুলের জন্য ন্যায় বিচার চেয়ে তাঁর সহকর্মীরা টেকনিশিয়ান স্টুডিও থেকে রাধা স্টুডিও পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন।

    প্রসঙ্গত, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দুই দশকের বেশি সময় ধরে টলিউডে কাজ করছেন। ছোটপর্দা থেকে বড়পর্দায়, ওয়েব দুনিয়ায় ছিল তাঁর অবাধ যাতায়াত। বর্তমানে তাঁকে দর্শকরা 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকে দেখতে পাচ্ছিলেন। তাঁর এবং শ্বেতা মিশ্রর রসায়ন দর্শকদের নজর কেড়েছিল। টিআরপিতেও তার ফল দেখা যাচ্ছিল। এছাড়া তিনি আগে 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকে অভিনয় করেছেন। এছাড়া তাঁকে দর্শক সদ্যই 'ঠাকুমার ঝুলি' সিরিজে দেখেছেন। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে হইচই প্ল্যাটফর্মের এই সিরিজে তিনি ছিলেন। অভিনয় করেছিলেন দারোগার চরিত্রে। অভিনয় ছাড়া রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় 'সহজ কথা' নামক একটি পডকাস্ট শো সঞ্চালনা করতেন।
  • Link to this news (আজকাল)