• ১ কোটি টাকা মাথার দাম, রয়েছে বাংলা-যোগ, আচমকা মৃত্যু মাওবাদী নেতার
    এই সময় | ০৪ এপ্রিল ২০২৬
  • নিষিদ্ধ মাওবাদী সংগঠনের প্রথমসারির নেতা, রয়েছে বাংলা-যোগ, পূর্ব ভারতের একাধিক জায়গায় নাশকতামূলক কাজের মাস্টারমাইন্ড— প্রশান্ত বোস। পুলিশ জানিয়েছে, শুক্রবার ঝাড়খণ্ডের সরকারি হাসপাতাল RIMS-এ মারা গিয়েছেন প্রবীণ এই মাওবাদী নেতা। কিসান দা নামেও পরিচিত প্রশান্তর বয়স হয়েছিল ৮০ বছর। গত চার বছর ধরে ঝাড়খণ্ডে বিরসা মুণ্ডা কারাগারে বন্দি ছিলেন তিনি।

    রাঁচির এসএসপি রাকেশ রঞ্জন পিটিআই-কে জানিয়েছেন, সেদিন সকালে আচমকা প্রশান্তর শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসা চলাকালীন তিনি মারা যান।

    প্রশান্ত বোসের একাধিক ছদ্মনাম ছিল। মনীশ এবং বুদ্ধ নামেও পরিচিত ছিলেন তিনি। ২০২১ সালের নভেম্বরে সরাইকেলা-খারসাওয়ান থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। গ্রেপ্তার করা হয়েছিল তাঁর স্ত্রী শীলা মারান্ডিকেও। গ্রেপ্তারির সময়ে প্রশান্তর মাথার দাম ছিল ১ কোটি টাকা। ২০১৮ সালে এই বাউন্টি ঘোষণা করেছিল ঝাড়খণ্ড সরকার।

    পুলিশের নথি অনুযায়ী, অন্তত ১০০টি হামলার পিছনে প্রশান্তর নাম রয়েছে। ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, ওডিশা, ছত্তীসগড়, অন্ধ্র প্রদেশ এবং মহারাষ্ট্রে হামলায় নাম রয়েছে প্রশান্তর। নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটি, পলিটব্যুরো এবং সেন্ট্রাল মিলিটারি কমিশনের সদস্য ছিলেন তিনি। একাধিক রাজ্যে মাওবাদী কার্যকলাপ পরিচালনা করতেন। মূলত সারান্ডার জঙ্গলেই তাঁর ঘাঁটি ছিল বলে পুলিশ সূত্রের খবর।

    এলগার পরিষদ-কোরেগাঁও ভীমা মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন প্রশান্ত বোস। ২০১৮ সালে পুনে পুলিশ এই মামলা করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের পরিকল্পনা করার অভিযোগ ছিল এই মাওবাদী নেতার নামে। পুলিশ সুূত্রে দাবি, ওই মামলায় অন্যতম অভিযুক্ত রোনা উইলসনের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রশান্ত বোসের বিরুদ্ধে তথ্য পাওয়া গিয়েছিল।
  • Link to this news (এই সময়)