এপ্রিলের শুরু থেকেই হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। দিন যত এগোচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে গরম আর অস্বস্তি। রাজ্যের একধিক জেলার তাপমাত্রা হু হু করে বেড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াসে ঘরে ঘোরাফেরা করছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গরম আরও বাড়বে দক্ষিণবঙ্গে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমে নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে আবহাওয়ার ভোল বদল হতে পারে রবিবার থেকে। এখন প্রশ্ন একটাই, বৃষ্টি হলেও কি মিলবে স্বস্তি?
কলকাতার আকাশে চড়া রোদ সকাল থেকেই। গরমে নাজেহাল অবস্থা পথচলতি মানুষের। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত শনিবার পর্যন্ত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার থেকে।
দক্ষিণবঙ্গে আপাতত পরিষ্কার থাকবে আকাশ। তবে মাঝে মাঝে আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। ফলে গরম আরও বাড়ার সম্ভাবনা। তবে আবহাওয়ার ভোল বদলাতে পারে রবিবার থেকে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায়। এ ছাড়াও ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে হতে পারে কালবৈশাখী।
রবিবার থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। তবে শুক্রবার ও শনিবার আবহাওয়া কিছুটা শুষ্ক থাকবে এবং তাপমাত্রা বাড়বে।