নিজের গড়ে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে হেনস্থার ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ কংগ্রেসের স্থানীয় নেতা-কর্মীরা। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তাঁরা। শনিবার নবগ্রামের পাঁচগ্রাম এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। তার জেরে দীর্ঘক্ষণ ওই রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে যায়। ফলে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছে।
সূত্রের খবর, অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবগ্রাম থানার পুলিশ বাহিনী। প্রায় ঘণ্টাখানেক চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ। আন্দোলনকারীরা এ দিন পুলিশের আশ্বাসেই অবরোধ তুলে নেন।
স্থানীয় কংগ্রেস নেতা মীর বাদাম আলি বলেন, ‘আমাদের আজকে ভোট প্রচার কর্মসূচি ছিল। কিন্তু রাজ্যের শাসক দল অধীর চৌধুরীকে হেনস্থা করে। ধাক্কাধাক্কি ও হয় দুই দলের মধ্যে। সেই কারণেই আমরা রাস্তা অবরোধ করি। ঘটনার যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে আরও বড়সড় আন্দোলন হবে।’
শনিবার সকালে নিজের গড় বহরমপুরে নির্বাচনী প্রচারে বেরিয়ে হেনস্থার মুখে পড়েন অধীর চৌধুরী। এ দিন তিনি বহরমপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে ভোটের প্রচারে বেরিয়েছিলেন। অভিযোগ, সেই সময়ে তৃণমূল কর্মীরা তাঁকে বাধা দেন। তাঁদের সঙ্গে অধীর চৌধুরীর বচসা এবং ধাক্কাধাক্কি হয়। আরও অভিযোগ, ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ভীষ্মদেব কর্মকারের উপস্থিতিতেই বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকে মারধরও করা হয়েছে।