• ‘ঘায়েল হুঁ, ইসিলিয়ে ঘাতক হুঁ’! কেজরিদের তিন অভিযোগের জবাব ‘ধুরন্ধর’ রাঘবের
    এই সময় | ০৪ এপ্রিল ২০২৬
  • বিজেপির সঙ্গে আপস করে ফেলেছেন রাঘব চাড্ডা! সেই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের প্রতি তাঁর সুর 'নরম'। মূলত এই অভিযোগকে সামনে রেখেই সাংসদ রাঘবকে ক্রমাগত বিঁধে চলেছেন তাঁর দলের নেতারা। আপ নেতাদের অভিযোগ, মোদী সরকারকে 'ভয়' পেয়ে গিয়েছেন বলেই রাঘবকে সংসদে আর বিরোধীদের পাশে দাঁড়াতে দেখা যায় না। সেই কারণে তিনি প্রতিবাদে ওয়াকআউটও করেন না। আপ নেতৃত্বের এই সব মন্তব্যেরই এক এক করে জবাব দিলেন রাঘব। অরবিন্দ কেজরিওয়ালদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানাতে গিয়ে ধার করলেন পরিচালক আদিত্য ধরের সদ্যমুক্তিপ্রাপ্ত ছবি 'ধুরন্ধর'-এর জনপ্রিয় সংলাপ। সমাজমাধ্যমে একটি ভিডিয়োবার্তায় রাঘব বললেন, 'ঘায়েল হুঁ, ইসিলিয়ে ঘাতক হুঁ!তাই আমায় মুখ খুলতেই হচ্ছে। আমার বিরুদ্ধে যে প্রচার চলছে, তা নিয়ে মুখ না খুললে কেউ কেউ সত্যি বলে ভেবে নিতে পারেন।'

    গত বৃহস্পতিবার রাঘবকে রাজ্যসভার ডেপুটি দলনেতার পদ থেকে সরিয়ে দিয়েছেন আপ নেতৃত্ব। শুধু তা-ই নয়, ভাষণের জন্য তাঁকে দলের কোটা থেকে সময় দেওয়ারও প্রয়োজন নেই বলে রাজ্যসভার সচিবালয়কে জানিয়েছেন তাঁরা। এর পর শুক্রবার তা নিয়ে মুখ খোলেন রাঘব। ভিডিয়োবার্তায় অরবিন্দ কেজরিওয়ালদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তাঁর প্রশ্ন, 'আমায় কেন চুপ করানো হচ্ছে? আমি তো বরাবর সাধারণ মানুষের সমস্যা নিয়েই কথা বলেছি।' রাঘবের এই বিবৃতির পরেই একের পর এক আপ নেতা তাঁকে পাল্টা আক্রমণ করা শুরু করেন। শুক্রবার সে সবেরই জবাব দিলেন রাঘব।

    ভিডিয়োবার্তায় 'বিদ্রোহী' রাঘব বলেন, 'সংসদে আমায় কথা বলতে দিতে চায় না ওরা। আমাদের বিরুদ্ধে ওদের মূলত তিনটি অভিযোগ রয়েছে। এই তিনটি অভিযোগেরই জবাব আমি দেব।' রাঘব জানান, তাঁর বিরুদ্ধে প্রথম অভিযোগ, মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদে তিনি কখনও বিরোধী সাংসদদের সঙ্গে ওয়াকআউট করেন না। কক্ষেই বসে থাকেন। এই অভিযোগের জবাবে রাঘব বলেন, 'এটা সর্বৈব মিথ্যা। আমাকে একটা ঘটনা দেখানো হোক, যেখানে আমি বিরোধী সাংসদের সঙ্গে ওয়াকআউট করিনি। ক্যামেরা আছে সংসদে। দেখে নেওয়া হোক। তা হলেই সব পরিষ্কার হয়ে যাবে।'

    এসআইআর-বিতর্কের আবহে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের প্রস্তাবে রাঘব সই করেননি বলেও অভিযোগ উঠেছে। তা নিয়ে আপ সাংসদ বলেন, 'এটাও মিথ্যা। কেউ আমাকে পিটিশনে সই করতে বলেননি। রাজ্যসভার আপের ১০ জন সাংসদ রয়েছেন। তাঁদের মধ্যে ৬-৭ জনই সই করেননি। আর দোষ শুধু আমার!' আপ নেতাদের অভিযোগ, প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে কখনওই সুর চড়ান না রাঘব। তাঁর সুর বরাবর নরমই থেকে। এর প্রেক্ষিতে রাঘব বলেন, 'আমি একটা বিষয় খুব স্পষ্ট করে বলতে চাই। সংসদে বিশৃঙ্খলা, চিৎকার-চেঁচামেচি, মাইক ভাঙা বা কাউকে হেনস্থার জায়গা নয়। আমি ওখানে মানুষের সমস্যা তুলে ধরতে গিয়েছি এবং তা-ই করি। জিএসটি, আয়কর, দিল্লির বায়ুদূষণ, শিক্ষা, স্বাস্থ্য রেলযাত্রীদের দুর্দশা, সব বিষয় নিয়ে কথা বলেছি।'

  • Link to this news (এই সময়)