• ভোর রাত থেকে তাণ্ডব, গ্রামে দাপিয়ে ঘুরল ৪ হাতির দল
    এই সময় | ০৪ এপ্রিল ২০২৬
  • সাত সকালে গ্রামের রাস্তায় হাতির তাণ্ডব। গ্রামের রাস্তা নিয়ে দাপিয়ে বেড়াল চারটি বুনো হাতির দল। শনিবার জলপাইগুড়ির বানারহাটের নাথুয়া এলাকার ঘটনা। হাতি দেখে আতঙ্ক ছড়িয়ে যায় গ্রামে।

    বানারহাট ব্লকের অন্তর্গত নাথুয়া হাট এলাকায় রয়েছে নুন খাওয়া ডাঙা গ্রাম। সেখানেই এ দিন হানা দেয় হাতি। শুক্রবার রাত ৩টা নাগাদ মোরাঘাট রেঞ্জের খট্টিমারি ও তোতাপাড়া জঙ্গল থেকে বেরিয়ে আসে দলছুট হাতিগুলি। তারা প্রথমে উত্তর চানাডিপা এলাকায় ঢুকে পড়ে। সারারাত খাবারের খোঁজে গ্রামে ঘুরে বেড়ায় হাতির দল। একাধিক বাড়িতে ভাঙচুর চালিয়েছে। ভোররাতে তাণ্ডব চালানোর সময়ে ঘুমোচ্ছিলেন বাড়ির লোকেরা। হঠাৎ হাতির তাণ্ডব টের পেয়ে কোনওরকমে প্রাণ বাঁচিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন তাঁরা।

    সূত্রের খবর, রাতে তিনটি হাতি ঢুকেছিল। সকালে তাদের সঙ্গে আরও একটি হাতি এসে যোগ দেয়। তারপরে চারটি হাতি গ্রামে দাপিয়ে বেড়াতে শুরু করে। স্থানীয়রা জানাচ্ছেন, চিৎকার-চেঁচামেচি করেও হাতির দলকে জঙ্গলে ফেরানো যায়নি। একটি হাতি একটি বাড়ির ভিতরে ঢুকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে বলেও জানাচ্ছেন গ্রামবাসীরা।

    হাতির হানায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি গ্রামবাসীদের। একাধিক ঘরবাড়ি ভাঙচুর হয়েছে, চাষের জমির ব্যাপক ক্ষতি হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।

  • Link to this news (এই সময়)