আজকাল ওয়েবডেস্ক: ডবল ইঞ্জিন সরকার। বিজেপি দীর্ঘদিন ধরেই বিভিন্ন রাজ্যে ভোটের সময় এই স্লোগান তুলে দেয়। কেন্দ্রের পাশাপাশি সংশ্লিষ্ট রাজ্যে বিজেপি সরকার এলে কী কী সুবিধা মিলবে তা ইস্তেহারে জানায় বিজেপি। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের প্রাক্কালেও রাজ্য বিজেপি নেতারা ফের ডবল ইঞ্জিন সরকারের গুণগান গাইতে শুরু করেছেন। এবার এই ডবল ইঞ্জিন সরকারকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।
শনিবার নিজের এক্স হ্যান্ডলে অভিষেক লিখেছেন, ‘ডবল ইঞ্জিন সরকার এর অর্থ জানেন? এর একটি ইঞ্জিন চলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর অপব্যবহার করে। প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। সৎ আধিকারিকদের বদলি করে। আর ভোটার তালিকায় কারচুপি করার জন্য অবৈধভাবে বহিরাগতদের নিয়ে এসে।’
তিনি পোস্টে আরও লিখেছেন, ‘দ্বিতীয় ইঞ্জিন হল এআইএমআইএম, আইএসএফ এবং এজেইউপি–র মতো স্থানীয় দালালদের নিয়োগ করে সাম্প্রদায়িক বিভেদ উসকে দেওয়া, অশান্তি সৃষ্টি করা, ভোট ভাগ করা এবং বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়া। কিন্তু বাংলার মানুষ এই নোংরা খেলাটা পুরোপুরি ধরে ফেলেছে।’
ওই পোস্টে অভিষেক আরও উল্লেখ করেন, ‘জয়পুর, সোনামুখী, ইন্দাস এবং খানাকুলের তুমুল সাড়া ইতিমধ্যেই আমাদের প্রার্থী অর্জুন মাহাতো, ডঃ কল্লোল সাহা, শ্যামলী রায় বাগদি এবং পলাশ কুমার রায়ের বিশাল বিজয় ঘোষণা করে দিয়েছে। বাংলা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। বাংলা বেছে নেবে মা–মাটি–মানুষকে। জনগণের দ্বারা নির্বাচিত জনগণের জন্য সরকার। এমন কোনও সরকার নয় যা জনগণের থেকে দূরে, জনগণকে কিনে নেয় এবং জনগণ থেকে বহুদূরে।’ সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন অভিষেক। যে ভিডিওয় তৃণমূলের কর্মী সমর্থকদের উন্মাদনার ছবি ধরা পড়েছে।
প্রসঙ্গত, ইতিমধ্যেই জোরদার ভোটের প্রচার শুরু করে দিয়েছেন মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি। আগামীদিনে আরও জনসভা করবেন তাঁরা। সেখানে বিরোধীরা অনেকটাই পিছিয়ে।