• রবিবার থেকেই তুমুল দুর্যোগের আশঙ্কা এই জেলাগুলিতে
    আজকাল | ০৪ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ শনিবারের পরেই রবিবার থেকে মিলবে তীব্র গরম থেকে সাময়িক স্বস্তি। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। রবিবার থেকে ফের ঝড়বৃষ্টি শুরু হওয়ার কথা দক্ষিণবঙ্গে। কলকাতাতেও ঝড়বৃষ্টি হওয়ার কথা। সঙ্গে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। 

    হাওয়া অফিসের কথায়, শনিবার পর্যন্ত কলকাতা–সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে। গরমের অস্বস্তি থাকবে। কিছু কিছু জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গেছে। তবে রবিবার থেকে ফের ঝড়বৃষ্টি শুরু হবে। রবিবার সতর্কতা জারি করা হয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। সোমবার থেকে কলকাতা–সহ বাকি জেলাগুলিতেও এই সতর্কতা জারি করা হয়েছে। মূলত বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই সমস্ত জেলায়। দুর্যোগ চলবে বুধবার পর্যন্ত।

    এদিকে, আগামী মঙ্গলবার দক্ষিণের ছ’টি জেলায় সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান। এই সমস্ত জেলায় ঝড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। হতে পারে শিলাবৃষ্টিও। 

    উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং–সহ উত্তরের সব জেলাতেই রবিবার থেকে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। যার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। বঙ্গোপসাগর থেকে ফের জলীয় বাষ্প প্রবেশ করতে শুরু করেছে। তার ফলেই রাজ্যে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

    এদিকে, শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি বেশি। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিন তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। ফলে গরম কমবে না। তার পরের তিন দিনে ঝড়বৃষ্টির কারণে পারদ তিন থেকে চার ডিগ্রি নামতেও পারে। এদিকে, জানা গেছে শনিবার বিকেলের দিকে কলকাতা সহ দক্ষিণের কিছু জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। তবে তাতে গরম কমবে না। 
  • Link to this news (আজকাল)