নেতাজি সুভাষ স্পোর্টস এরিনায় রাজ্য জুডো প্রতিযোগিতা
আজকাল | ০৪ এপ্রিল ২০২৬
মিল্টন সেন, হুগলি: জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতার মধ্য দিয়ে পথ চলা শুরু হয়েছিল নেতাজি সুভাষ স্পোর্টস এরিনার। এবার টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং ওয়েস্ট বেঙ্গল জুডো অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে শুরু হল রবীন্দ্রনাথ ঠাকুর সারা রাজ্য আমন্ত্রণমূলক জুডো প্রতিযোগিতা। একইসঙ্গে আনুষ্ঠানিক সূচনা হলো আন্তর্জাতিক মানের একটি জুডো প্রশিক্ষণ কেন্দ্রের।
শনিবার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে চুঁচুড়ার নেতাজি সুভাষ স্পোর্টস এরিনায় অবস্থিত ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতা এবং অ্যাকাডেমির সূচনা হয়। প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে সুদূর দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর সহ রাজ্যের ১৭ টি জেলা। অংশগ্রহণ করে উক্ত জেলার ৩৭০ জন খেলোয়াড়।
বিখ্যাত জুডো খেলোয়াড় তথা অ্যাকাডেমির মুখ্য প্রশিক্ষক পার্থ সেনগুপ্ত জানিয়েছেন, প্রতিযোগিতায় ওজনের ভিত্তিতে ৫২ টি বিভাগে খেলোয়াড়রা অংশ গ্রহণ করেছে। পাঁচটা গ্রুপে খেলা অনুষ্ঠিত হয়। প্রথম দিন কিডস এবং সাব জুনিয়র বিভাগ। ক্যাডেট জুনিয়র এবং সিনিয়র তিন বিভাগে খেলা হবে পরের দিন। প্রতিটি বিভাগ থেকে চারজন করে প্রতিযোগী নির্বাচিত হবে। তাঁদের পুরস্কৃত করা হবে। প্রত্যেক জেলার রানার্স এবং উইনার্সদের ট্রফি দেওয়া হবে। সঙ্গে থাকবে শংসাপত্র।
শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে।উপস্থিত ছিলেন নেতাজি সুভাষ স্পোর্টস এরিনার সিইও ডঃ তন্ময় রায় চৌধুরী, টেকনো ইন্ডিয়া গ্রুপের সিওও অভিজিৎ মুখার্জি, সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের প্রো চ্যান্সেলর ডঃ ধ্রুবজ্যোতি চ্যাটার্জী, ডিরেক্টর অরুণ ঘোষ, স্বপন ঘোষ, ভাস্কর গুপ্ত, বেঙ্গল জুডো অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দীপ কুমার সাহা, বিখ্যাত জুডো খেলোয়াড় পার্থ সেনগুপ্ত, আন্তর্জাতিক রেফারি সমীর পাল প্রমুখ।