মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন, ঠিক কী ঘটেছে মালতীপুরে?
আজ তক | ০৪ এপ্রিল ২০২৬
শনিবার মালদার মালতীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের সামনে উড়ল এক রহস্যময় ড্রোন। আর সেই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। এমনকী এই ঘটনায় নিজের অসন্তোষ প্রকাশ করছেন স্বয়ং মমতা।
যতদূর খবর, এ দিন মালদায় সভা শেষে মমতা হেলিকপ্টারে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় কপ্টারের সামনেই ড্রোনটিকে ঘোরাফেরা করতে দেখা যায়। এই ঘটনা উপস্থিত সকলেরই চোখে পড়ে। এমনকী এই ঘটনার জেরে কপ্টারে ওঠার আগেই দাঁড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী।
আর কপ্টারের সামনে এভাবে ড্রোন ঘোরাফেরার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো। তিনি সঙ্গে সঙ্গেই পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি সেই সময় পুলিশকে বলেন, 'পুলিশের এটা নজরে রাখা উচিত। যারা এমনটা করেছে, তাদের চিহ্নিত করতে হবে।'
যদিও এখনও পর্যন্ত এই ঘটনা কে ঘটিয়েছে বা এই ড্রোন কীভাবে কপ্টারের সামনে এল, সেই বিষয়ে কিছুই জানা যায়নি। তবে পুলিশ খোঁজখবর শুরু করেছে।