• বাংলায় কমার্সিয়াল গ্যাসের সঙ্কট আর কতদিন চলবে? খোঁজ নিল bangla.aajtak.in
    আজ তক | ০৪ এপ্রিল ২০২৬
  • মধ্যপ্রাচ্যে যুদ্ধ। আর তার প্রভাব সরাসরি এসে পড়েছে ভারতে। LPG সঙ্কট তৈরি হয়েছে। বিশেষত, বাণিজ্যিক সিলিন্ডার পেতে কালঘাম ছুটে যাচ্ছে। তাই ইতিমধ্যেই রাজ্যের অসংখ্য খাবারের দোকান বড়সড় সমস্যায় পড়েছে বলে অভিযোগ। তাঁদের দাবি, অনেক চেষ্টা করেও পর্যাপ্ত বাণিজ্যিক সিলিন্ডার মিলছে না। তাতেই সঙ্কটের মুখে এসে পড়েছে গোটা ব্যবসা। 

    যদিও এই সঙ্কটের পরিস্থিতির কথা মেনে নিলেন ইন্ডিয়ান এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন, পশ্চিমবঙ্গের মুখপাত্র বিজন বিশ্বাস। তিনি বলেন, 'বাণিজ্যিক LPG-তে সত্যিই সমস্যা রয়েছে। এটা অস্বীকার করার জায়গা নেই। তবে গৃহস্থের LPG-তে একবারেই সমস্যা হচ্ছে না, এমনটাও নয়। বরং সেখানেও টান রয়েছে। তবে সরকার কিছু পদক্ষেপ নেওয়ার ফলে অন্তত বাড়ির সিলিন্ডারের ক্ষেত্রে সমস্যাটা খুব একটা দেখা যাচ্ছে না।'

    তাঁর মতে, বাড়ির সিলিন্ডার এখন আর চাইলেই বুক করা যাচ্ছে না। নির্দিষ্ট সময়ান্তরেই বুকিং নেওয়া হচ্ছে। তাতেই পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। বাড়ি বাড়িতে পৌঁছে যাচ্ছে গ্যাস। 

    তবে সরকারের কাছে বাণিজ্যিক সিলিন্ডার তেমন একটা প্রায়োরিটি নয়। তাই সেখানে পরিস্থিতি বেশি খারাপ। এই প্রসঙ্গে বিজন বললেন, 'কর্মাসিয়াল সিলিন্ডারের ক্ষেত্রে মোটামুটি ৩০ শতাংশ শর্টেজ রয়েছে। সত্যিই চাইলেই গ্যাস মিলছে না।'

    এই সঙ্কট কাটবে কবে? 
    বিজনের মতে, আপাতত এই সঙ্কট চলবে। খুব দ্রুত এর সমাধান হবে না। তিনি বলেন, 'যুদ্ধ পরিস্থিতির উপরই সবটা নির্ভর করছে। সংঘাত থামলেই ধীরে ধীরে সাপ্লাই ঠিক হবে।'

    এই বিষয়ে তাঁর আরও সংযোজন, 'সকলেই শুনছেন কিছু ভারতীয় জাহাজ হরমুজ পেরিয়ে আসছে। আর সেই সব জাহাজকে এমনি এমনি ছাড়া হচ্ছে না। যুদ্ধ বিধ্বস্ত ইরান অনেক টাকা নিয়েই সেগুলি ছাড়ছে। যার ফলে LPG আমদানির খরচ অনেকটাই বাড়ছে।'

    দাম কি আরও বাড়বে? 
    এই প্রসঙ্গে বিজন জানান, এখন LPG আনতে অনেক খরচ হচ্ছে। তার ফলে লাফিয়ে বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দাম। এক মাসে ২০১২ টাকা থেকে ২২২০ টাকায় দাম পৌঁছে গিয়েছে। আর যুদ্ধ না থামলে এই দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করলেন তিনি। 

    এখন কী করা উচিত? 
    সঠিক উপায়ে নিজের ডিস্ট্রিবিউটরদের কাছ থেকেই LPG কেনা উচিত বলে জানালেন বিজন। তাঁর মতে, কোনও কালোবাজারির পাতা ফাঁদে পা না দিয়ে সঠিক পথে কিনতে হবে গ্যাস। তাহলেই LPG সঙ্কট কেটে যাবে।

     
  • Link to this news (আজ তক)