• CEO অফিসে কোনও ফর্ম ৬ জমা পড়েনি, তৃণমূলের দাবি উড়িয়ে জানাল কমিশন
    এই সময় | ০৪ এপ্রিল ২০২৬
  • CEO অফিসে গিয়ে বস্তা বস্তা ফর্ম ৬ জমা পড়েছে। সোমবার এমনটাই অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস। বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালের কাছে অভিযোগ জানানো হয়েছিল তৃণমূলের তরফে। এমনকী ফর্ম ৬ জমা হওয়ার বিষয়টি কমিশন মেনে নিয়েছে বলেও দাবি করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি খারিজ করে রাজ্যের CEO অফিস জানাল, এই দাবি সম্পূর্ণ মিথ্যা।

    রাজ্যের CEO অফিসের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানানো হয়েছে, CEO দপ্তরে প্রতিদিন প্রচুর নথি ও কাগজপত্র জমা পড়ে। গত কয়েকদিনের এ রকম প্রচুর কাগজপত্র জমা দিয়েছেন অনেকেই। যার মধ্যে বেশিরভাগটাই ২৮ তারিখ প্রকাশিত হওয়া ভোটার তালিকায় ‘ডিলিটেড’ ভোটারদের নথি।

    CEO অফিসের তরফে স্পষ্ট দাবি করা হয়েছে, এই নথিগুলি ফর্ম ৬ নয়। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, CEO অফিসে কোনও ফর্ম ৬ জমা দেওয়া যায় না। ফর্ম ৬ অর্থাৎ তালিকায় ভোটারদের নাম ঢোকানোর যে আবেদন পত্র সেটা DEO অফিসে জমা দিতে হয়।

    যদিও গত সোমবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডলে বেশ কিছু ভিডিয়ো পোস্ট করেছিলেন। সেই দিন CEO মনোজকুমারের সঙ্গে বৈঠকের পরে অভিষেক বলেছিলেন, ‘আমরা হাতেনাতে ধরেছি। প্রায় ৩০ হাজার ফর্ম ৬ জমা দিয়ে বিহার, উত্তরপ্রদেশের বাসিন্দাদের এখানকার ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা হয়েছে।’

  • Link to this news (এই সময়)