• তৃণমূলের তারকা প্রচারক অনুব্রত-কোয়েল-প্রতীক-উর, প্রথম দফার তালিকায় আর কারা?
    এই সময় | ০৪ এপ্রিল ২০২৬
  • মাঝে আর ঠিক দু’সপ্তাহ। ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচন। শনিবার দলের তারকা প্রচারকদের প্রথম দফার তালিকা প্রকাশ করল তৃণমূল। ৪০ জনের নাম রয়েছে সেই তালিকায়। একেবারে প্রথমেই দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। এর পরের নামই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এ ছাড়াও তৃণমূলের স্টার ক্যাম্পেনার হিসেবে নাম রয়েছে প্রতীক-উর-রহমান, কোয়েল মল্লিকের। আরও একটি নাম, যা বিশেষ উল্লেখযোগ্য— অনুব্রত মণ্ডল।

    বীরভূমের রাজনীতিতে অনুব্রত এক সময়ে দোর্দণ্ডপ্রতাপ নেতা হিসেবে পরিচিত থাকলেও, এখন দলের অন্দরেই তাঁকে নিয়ে দলাদলির কথা শোনা যায়। কাজল শেখের সঙ্গে তাঁর অম্লমধুর সম্পর্ক নিয়ে অনেক কথাই ঘোরাফেরা করে বীরভূমের রাজনীতির অলিন্দে। সেই আবহে দলের তারকা প্রচারকদের তালিকায় অনুব্রতর ঠাঁই পাওয়া, বেশ তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের।

    এ ছাড়াও তালিকায় আদ্যোপান্ত রাজনীতিকদের মধ্যে আছে সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, মানস ভুঁইয়া, শশী পাঁজা, স্নেহাশিস চক্রবর্তী, কুণাল ঘোষ, মহুয়া মৈত্র, পার্থ ভৌমিক, মমতাবালা ঠাকুর, প্রতিমা মণ্ডল, সিদ্দিকুল্লা চৌধুরী, বিরবাহা হাঁসদা, দেবাংশু ভট্টাচার্যের নাম।

    সেলেব-রাজনীতিকদের তালিকায় আছেন ইউসুফ পাঠান, দেব, রাজ চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, অদিতি মুন্সি, বাবুল সুপ্রিয়, শতাব্দী রায়, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহাদের নাম।

    তালিকায় আছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জ্যোৎস্না মান্ডি, জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, শ্রীকান্ত মাহাতো, মোশারফ হুসেনও।

  • Link to this news (এই সময়)