রণবীর সিংয়ের (Ranbir Singh) ‘ধুরন্ধর’ (Dhurandhar) বক্স অফিসে ঝড় তো তুলেছেই, রাজনৈতিক মহলেও শোরগোল ফেলে দিয়েছে। বিরোধীরা ছবিটিকে ‘প্রোপাগান্ডা’ বলে কটাক্ষ করেছেন। কাঠগড়ায় তুলেছেন পরিচালক আদিত্য ধরকেও (Aditya Dhar)। এ বার ‘ধুরন্ধর’-এর হয়ে ব্যাট ধরলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। শনিবার কেরালার তিরুভাল্লার জনসভা থেকে কংগ্রেস ও বামপন্থীদের ‘মিথ্যাবাদী’ কটাক্ষ করে তিনি বলেন, ‘ওরা সব কিছুকেই মিথ্যা, প্রোপাগান্ডা বলে উড়িয়ে দেয়। আসলে ওরা নিজেরাই মিথ্যা বলায় ওস্তাদ।’
শুরুটা হয়েছিল ‘দ্য কাশ্মীর ফাইলস’ দিয়ে। বিবেক অগ্নিহোত্রীর এই ছবি রিলিজ করতেই শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে। একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ ওঠে পরিচালক এবং প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। তার পরে একে একে আসে ‘দ্য কেরালা স্টোরি’, ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’, ‘বস্তার: দ্য নকশাল স্টোরি’। তথাকথিত ‘হিন্দুত্ববাদী সিনেমা’-র তকমা লাগে প্রতিটি ছবির গায়েই। তারই শেষ সংযোজন ‘ধুরন্ধর’।
আগামী ৯ এপ্রিল বিধানসভা ভোট হবে কেরালায়। তার আগে ‘দ্য কেরালা স্টোরি’, ‘ধুরন্ধর’-এর মতো সিনেমাকে বিজেপি জাতীয়তাবাদী হাওয়া তোলার কাজে লাগাচ্ছে বলে সরব হয়েছে বিরোধীরা। ‘ধুরন্ধর’ ছবিতে মোদীর চরিত্রও দেখানো হয়েছে। নোটবন্দির ভাষণ দিচ্ছেন তিনি। স্বাভাবিক ভাবেই তোপ দেগেছে বিরোধীরা। এ দিন বিরোধীদের সব দাবি উড়িয়ে মোদী বললেন, ‘কংগ্রেস আর বামপন্থীরা সব কিছুর মধ্যেই প্রোপাগান্ডা দেখে। কাশ্মীর ফাইলস, দ্য কেরালা স্টোরি, ধুরন্ধর - সব নাকি মিথ্যা। আসলে ওরাই মিথ্যা বলছে। কংগ্রেস আর বামপন্থীরা মিথ্যার কারখানা।’
অসম থেকে অনুপ্রবেশকারী ইস্যুতে সরব হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জিতলেই ইউনিফর্ম সিভিল কোড লাগুর প্রতিশ্রুতিও দিয়েছেন। এ দিন মোদীও অভিন্ন দেওয়ানি বিধিকে হাতিয়ার করলেন কেরালায়। তাঁর কথায়, ‘গোয়ায় দীর্ঘদিন ধরেই ইউনিফর্ম সিভিল কোড লাগু রয়েছে। কারও কোনও অসুবিধা হয়নি। কিন্তু এখানে কংগ্রেস আর বামপন্থীরা বিভ্রান্তি ছড়াচ্ছে।’ LDF (লেফট ডেমোক্র্যাটিক ফ্রন্ট) এবং UDF (ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট)-কে একই মুদ্রার দুই পিঠ বলেও কটাক্ষ করেন তিনি।
পশ্চিম এশিয়ার যুদ্ধে ভারত কেন কোনও পক্ষ নেয়নি, সেই প্রশ্ন তুলেছে কংগ্রেস-সহ বিরোধীরা। ইরানের প্রাক্তন সর্বোচ্চ লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের হত্যাকাণ্ডে সরকারি ভাবে নিন্দা জানানোর দাবিও তুলেছিল তারা। তবে মোদীর দাবি, এই সবই ‘উস্কানিমূলক মন্তব্য’। তিনি বলেন, ‘আরব দেশগুলিতে প্রায় ১ কোটি ভারতীয় থাকেন। ভোটে জিততে তাঁদের জীবন বিপদের মুখে ফেলতে চায় কংগ্রেস।’ মোদীর অভিযোগ, ‘কংগ্রেস চায়, পশ্চিম এশিয়ার দেশগুলি ভারতকে শত্রু হিসেবে দেখুক।’