মোথাবাড়িতে SIR-এর কাজের সঙ্গে যুক্ত বিচারকদের উপরে হামলা হতে পারে এই আশঙ্কা করে আগেই চিঠি দেওয়া হয়েছিল জেলা প্রশাসনকে। SIR-এর কাজে নিযুক্ত বিচারকেরা সেই চিঠি দিয়েছিলেন— এমন একটি খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন সমাজমাধ্যমে। তবে শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হলো এমন কোনও চিঠি দেওয়া হয়নি।
জেলা প্রশাসনের তরফে একটি বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, ২৩ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সিকিউরিটি সংক্রান্ত এরকম কোনও চিঠি জুডিশিয়াল অফিসারদের থেকে মালদার জেলাশাসকের কাছে আসেনি। এই বিষয়টি নিয়ে বিভ্রান্তকর খবর ছড়িয়ে পড়েছে বলে দাবি করা হয়েছে সেই বিবৃতিতে। যদিও প্রতিবেদন লেখা পর্যন্ত সংশ্লিষ্ট জুডিশিয়াল আধিকারিকদের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত বুধবার রাতে কালিয়াচক ২ ব্লক অফিসে প্রায় ৬ ঘণ্টার বেশি সময় ‘বন্দি’ হয়েছিলেন জুডিশিয়াল অফিসাররা। গভীর রাতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁদের বের করে আনেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয় সুপ্রিম কোর্টে। জেলাশাসক, পুলিশ সুপার, মুখ্যসচিব এবং ডিজিপিকে শোকজও করেছে শীর্ষ আদালত। এই ঘটনায় স্থানীয় ISF প্রার্থী ও মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে জনতাকে উসকানি দেওয়া, অশান্তি সংগঠিত করার অভিযোগ উঠেছে।