সামনে এল পদ্মশিবিরের পঞ্চম প্রার্থী তালিকা (BJP Candidate List)। শনিবার সন্ধ্যায় আরও পাঁচটি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। একই সঙ্গে বসিরহাট উত্তর, বিষ্ণুপুর এবং বেহালা পূর্ব কেন্দ্রে প্রার্থী বদলও করা হয়েছে। পঞ্চম প্রার্থী তালিকায় টিকিট পেয়েছেন বিজেপির পুরোনো কর্মী অনিন্দ্য রাজু বন্দ্যোপাধ্যায় (Anindya Raju Banerjee)। একুশের বিধানসভা ভোটের পর থেকে আর সেভাবে দেখা যাচ্ছিল না তাঁকে। মধ্যমগ্রাম থেকে তাঁকে প্রার্থী করেছে বিজেপি।
এ দিনের তালিকা অনুযায়ী কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে তারকনাথ চট্টোপাধ্যায়কে। কল্যাণীতে প্রার্থী হয়েছেন অনুপম বিশ্বাস। দমদম উত্তরে বিজেপির প্রার্থী সৌরভ শিকদার। মধ্যমগ্রামে দলের দীর্ঘদিনের কর্মী অনিন্দ্য রাজু বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে পদ্মশিবির। আর উলুবেড়িয়া পূর্ব থেকে রুদ্রপ্রসাদ বন্দ্যোপাধ্যায়কে টিকিট দেওয়া হয়েছে।
বিজেপির প্রথম প্রার্থী তালিকা ঘোষণার পরেই একাধিক এলাকা থেকে বিক্ষোভের খবর সামনে আসছিল। তার জেরেই তিনটি কেন্দ্রে প্রার্থী বদল করা হয়েছে বলে অনুমান রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। এ দিনের প্রার্থী তালিকা অনুযায়ী, বসিরহাট উত্তর থেকে কৌশিক সিদ্ধার্থকে প্রার্থী করেছে বিজেপি। বিষ্ণুপুর এবং বেহালা পূর্ব থেকে টিকিট দেওয়া হয়েছে অভিজিৎ সর্দার এবং শঙ্কর সিকদারকে।
উল্লেখ্য, প্রথম দফায় ১৪৪টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি। দ্বিতীয় দফায় ১১২ আসনে, তৃতীয় দফায় ১৯টি কেন্দ্রে, চতুর্থ দফায় ১৩টি আসনের পরে এ বার আরও পাঁচটি আসনে প্রার্থীর নাম ঘোষণা হলো। উল্লেখ্য, আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় ভোট (West Bengal Assembly Election 2026) পশ্চিমবঙ্গে। ফলপ্রকাশ হবে ৪ মে। ইতিমধ্যে সব আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে তৃণমূল এবং কংগ্রেস। প্রথম দফায় যে আসনগুলিতে ভোট হবে, সেখানে এখন মনোনয়ন জমা দিচ্ছেন প্রার্থীরা।