• সাত বছরে প্রথম ইরান থেকে জ্বালানি ঢুকল দেশে, পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহেও হরমুজ প্রণালী পার ভারতের আটটি জাহাজের
    বর্তমান | ০৫ এপ্রিল ২০২৬
  • নয়াদিল্লি: ৩৬ দিনে পড়ল যুদ্ধ। আমেরিকা-ইজরায়েলের লাগাতার হামলার জবাব দিয়ে চলেছে তেহরানও। হরমুজ প্রণালী নিয়ে এখনও জটিলতা রয়েছে। দেশজুড়ে জ্বালানি সংকট অব্যাহত। তবে এই প্রতিকূল পরিস্থিতিতেও অনেকটা এগিয়ে রয়েছে ভারত। কারণ ইতিমধ্যে যুদ্ধ বিধ্বস্ত  হরমুজ পার করেছে দেশের আটটি জাহাজ। শুক্রবারই হরমুজ পেরিয়েছে ভারতের পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার গ্রিন সানভি। এতে প্রায় ৪৬ হাজার ৬৫০ টন এলপিজি রয়েছে। রয়েছেন ২৫ জন নাবিকও। এনিয়ে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক তুলে ধরে মুম্বইয়ে অবস্থিত ইরানি দূতাবাসের বক্তব্য, আগামী দিনে এই বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করতে বদ্ধ পরিকর থাকবে ইরান। এছাড়াও ইরান থেকে মেঙ্গালুরুতে পৌঁছেছে আরও একটি এলপিজি ট্যাঙ্কার। ইরানি পেট্রপণ্য নিয়ে আসা ওই জাহাজের নাম সি বার্ড। এতে ৪৪ হাজার টন এলপিজি রয়েছে। তথ্য বলছে, বিগত সাত বছরে এই প্রথমবার ইরান থেকে জ্বালানি আসছে।

    সবমিলিয়ে এপর্যন্ত মোট আটটি জাহাজ হরমুজ প্রণালী পেরিয়েছে। সেগুলি হল শিবালিক, নন্দাদেবী, জগ লড়কি, পাইন গ্যাস, জগ বসন্ত, বি ডব্লু টায়ার, বি ডব্লু ইএলম ও গ্রিন সানভি। সূত্রে খবর, সমস্যা এড়াতে আরও একটি নতুন রুটেও জাহাজ চলাচল শুরু হয়েছে। এমএসভি কিউবা নামে ভারতীয় পতাকাবাহী একটি জাহাজও সেই বিকল্প পথে এগচ্ছে। সূত্রে খবর, এখনও আরও ১৭টি জাহাজ আটকে রয়েছে। এদের মধ্যে গ্রিন আশা ও জগ বিক্রম শীঘ্রই হরমুজ পেরিয়ে দেশের পথে রওনা দেবে।
  • Link to this news (বর্তমান)