• নীতীশ-পুত্রকেই মুখ্যমন্ত্রী চাই জেডিইউ দপ্তরের বাইরে পোস্টার
    বর্তমান | ০৫ এপ্রিল ২০২৬
  • পাটনা: নীতীশ কুমারের ছেড়ে যাওয়া কুর্সিতে কে বসবেন? এই জল্পনা ঘিরে সরগরম বিহারের রাজনীতি। মুখ্যমন্ত্রী পদে একাধিক বিজেপি নেতার নাম নিয়ে গত কয়েকদিন ধরেই চর্চা চলছে। এর মধ্যেই বিজেপি ও জেডিইউ-র ফাটলও বেআব্রু হয়ে পড়ল। নীতীশের ছেলে নিশান্তকে মুখ্যমন্ত্রী চেয়ে পাটনায় জেডিইউ কার্যালয়ের বাইরে পড়ল একাধিক পোস্টার।

    নীতীশের সঙ্গে নিশান্তের ছবি রয়েছে পোস্টারগুলিতে। নিশান্তের ছবির নীচে লেখা ‘বিহারের ভবিষ্যত মুখ্যমন্ত্রী’। আর একটি পোস্টারে বলা হয়েছে, ‘যখন অভিজ্ঞতা ও ভবিষ্যত (নিশান্ত) একসঙ্গেই রয়েছেন, তখন নতুন মুখের কী দরকার?’ অন্য একটিতে পোস্টারে বার্তা, ‘নীতীশ সেবক মাঙ্গে নিশান্ত’। জেডিইউয়ের ছাত্র শাখার রাজ্য সহ সভাপতি কৃষ্ণ প্যাটেল ওই পোস্টারগুলি লাগিয়েছেন। আর তারপরেই চর্চা শুরু হয়েছে, মুখ্যমন্ত্রী পদ নিয়ে কি তাহলে সংঘাতের পথে হাঁটতে চলেছে দুই জোটসঙ্গী জেডিইউ এবং বিজেপি? কারণ,  জেডিইউয়ের বদলে বিহারে বিজেপি থেকে মুখ্যমন্ত্রী হওয়া কার্যত নিশ্চিত। এনডিএ সূত্রে খবর, নীতীশের উত্তরসূরি হিসাবে তালিকায় একদম প্রথমে রয়েছেন উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সম্রাট চৌধুরি। নতুন সরকারে নিশান্তকে সম্ভবত উপমুখ্যমন্ত্রীর পদ দেওয়া হবে। সেক্ষেত্রে বিজেপি ও জেডিইউ ছাড়া এনডিএর অন্য দলগুলিকেও গুরুত্ব দেওয়া হতে পারে। কিন্তু যেভাবে নীতীশকে রাজ্যসভার সাংসদ মনোনীত করে জেডিইউকে বিহারের রাজনীতিতে কোণঠাসা করার চেষ্টা চলছে, তাতে অখুশি দলের নেতাকর্মীদের একটা বড় অংশ। নিশান্তের নামে পোস্টার সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে ৬ এপ্রিল পাটনায় দলের নেতাদের নিয়ে বৈঠক ডেকেছেন নীতীশ। 
  • Link to this news (বর্তমান)