চেন্নাই: এবারও দ্রাবিড়ভূমে খুব একটা সুবিধা করতে পারবে না এআইএডিএমকে নেতৃত্বাধীন এনডিএ। সব ঠিক থাকলে তামিলনাড়ুর মসনদে ডিএমকে জোটেরই প্রত্যাবর্তন ঘটতে চলেছে। দু’টি ভোট পূর্ববর্তী সমীক্ষায় এমনই ইঙ্গিত মিলেছে। লোক পোল ও পোল ট্র্যাকার নামে দুই সংস্থার সমীক্ষা বলছে, এবার ডিএমকে জোট প্রায় ১৮০টি আসনে জিততে চলেছে। বিরোধী জোটের দৌড় ৪০ আসনের আশপাশেই থেমে যাবে। রূপোলি পর্দার মতো ম্যাজিক দেখাতে না পারলেও নবাগত হিসাবে থালাপতি বিজয়ের দল টিভিকে প্রায় ১০টি আসন দখল করতে পারে। ১ মার্চ থেকে ১ এপ্রিলের মধ্যে ভোটের ফলাফল নিয়ে সমীক্ষা করেছে লোক পোল। সংস্থার পূর্বাভাস, তামিলনাড়ু বিধানসভার ২৩৪ আসনের মধ্যে ১৮১-১৮৯টি পেতে পারে ডিএমকে জোট (কংগ্রেস, ডিএমডিকে, ভিসিকে, সিপিআই ও অন্যান্য)। প্রাপ্ত ভোটের পরিমাণ ৪০.১ শতাংশ। ২৯ শতাংশ ভোট পেয়ে এনডিএ জিততে পারে ৩৮-৪২টি আসনে। দক্ষিণী সুপারস্টার বিজয়কে নিয়ে প্রত্যাশার অন্ত নেই। সমীক্ষায় ইঙ্গিত, ৮-১০টি আসনে জিততে পারে টিভিকে। প্রাপ্ত ভোটের পরিমাণ ২৩.৯ শতাংশ। তথ্য ও পরিসংখ্যান বলছে, এবার ভোটেও সবচেয়ে পছন্দের মুখ্যমন্ত্রী মুখ স্ট্যালিন। দ্বিতীয় বিজয়। তিন নম্বরে এআইএডিএমকে-র পালানিস্বামী। ডিএমকের সাফল্যের নেপথ্যে দুটি কারণ রয়েছে। এক, জনমুখী পরিকল্পনা। দুই, এনডিএ ও টিভিকের মধ্যে ভোটভাগ। এতে বাড়তি সুবিধা পাবে স্ট্যালিনের দল। আর এক সংস্থা পোল ট্র্যাকারও ডিএমকে জোটকে এগিয়ে রেখেছে। তাদের ইঙ্গিত, ১৭২-১৭৮টি আসন জিততে পারে স্ট্যালিন ও সহযোগীরা। প্রাপ্ত ভোট ৪২.৭ শতাংশ। এআইএডিএমকে পেতে পারে ৪৬-৫২টি আসন। বিজয়ের দল জিততে পারে ৬-১২টি আসন। প্রাপ্ত ভোট ১৯. ২ শতাংশ। প্রাতঃভ্রমণে জনসংযোগ সারছেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন।