• বিত্তশালী প্রার্থীদের তালিকায় সাতে হিমন্ত
    বর্তমান | ০৫ এপ্রিল ২০২৬
  • গুয়াহাটি: আগামী ৯ এপ্রিল অসম এবং পুদুচেরিতে নির্বাচন। ইতিমধ্যেই জমা পড়েছে প্রার্থীদের মনোনয়নপত্র। সেখানে পেশ করা হলফনামার ভিত্তিতে দেখা গিয়েছে, অসমের প্রথম দশজন বিত্তশালী প্রার্থীর তালিকায় সাত নম্বরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অন্যদিকে পুদুচেরিতে প্রার্থীদের ৪০ শতাংশই কোটিপতি। 

    অসমের ধনীতম প্রার্থী কংগ্রেসের রাহুল রায়। হাইলাকান্দি আসনের এই প্রতিদ্বন্দ্বীর সম্পত্তির পরিমাণ ২৬১ কোটি টাকারও বেশি। দ্বিতীয় স্থানে বিন্নাকান্দির প্রার্থী তথা এআইইউডিএফ নেতা বদরুদ্দিন আজমল। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২২৬ কোটি টাকা। সম্পদের নিরিখে প্রথম ১০ প্রার্থীর মধ্যে কংগ্রেস ও বিজেপির তিনজন করে রয়েছেন। 

    কেন্দ্রশাসিত পুদুচেরিতে মোট ২৯১ প্রার্থীর মধ্যে ১১৯ জনই কোটিপতি।  সব মিলিয়ে তাঁদের মোট সম্পত্তির পরিমাণ ২ হাজার ৯৯ কোটি টাকা। গড় হিসাব করলে প্রত্যেক প্রার্থী ৭ কোটি ২১ লক্ষ টাকার মালিক। বিত্তশালী প্রার্থীদের সংখ্যা সর্বভারতীয় এন আর কংগ্রেসের সবচেয়ে বেশি। ১৬ জন। এছাড়া বিজেপির ১০ জন এই তালিকাভুক্ত। অন্যদিকে ডিএমকের ১২ প্রার্থীর মধ্যে ১১ জনই কোটিপতি এবং কংগ্রেসের ২১ জন প্রার্থীর মধ্যে ১৭ জন। জানা যাচ্ছে, পুদুচেরিতে  ২০২১ সালের নির্বাচনের তুলনায় এবার কোটিপতি প্রার্থীদের সংখ্যা প্রায় দ্বিগুণ। ২০২১ সালের মনোনয়নপত্রে হলফনামার তথ্য অনুযায়ী, ২৩ শতাংশ প্রার্থী ছিলেন কোটিপতি। চলতি বছর সেই হার হয়েছে ৪১ শতাংশ। সবচেয়ে উপরে রয়েছেন এলজেকে দলের প্রতিষ্ঠাতা জোস চার্লস মার্টিন। তাঁর সম্পত্তির পরিমাণ ৬০৯ কোটি ৯ লক্ষ ২৫ হাজার ৫৮৪ টাকা। তাঁর পরই রয়েছেন পুদুচেরির বিজেপি প্রেসিডেন্ট ভি পি রামালিঙ্গম। তাঁর সম্পত্তির পরিমাণ ১১৫ কোটি ৬২ লক্ষ ২৯ হাজার ১৭৯ টাকা। তৃতীয় স্থানে স্বরাষ্ট্রমন্ত্রী এ নামাসিভায়াম। তাঁর ৮৫ কোটি ৪৬ লক্ষ ১৪ হাজার ৪৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ রয়েছে। 
  • Link to this news (বর্তমান)