• ভোটে দলীয় কর্মীদের প্রশিক্ষণ দিতে বিজেপির ভরসা বিহার, ওড়িশা! কটাক্ষ তৃণমূল শিবিরের
    বর্তমান | ০৫ এপ্রিল ২০২৬
  • সোমেন পাল, গঙ্গারামপুর: বিজেপি জেলা নেতৃত্বের উপর আস্থা কম? তাই ভোট বৈতরণী পার হতে পদ্মপার্টির ভরসা বাইরের রাজ্যের নেতা? ভোটের রণকৌশল ঠিক করতে শনিবার দলীয় নেতাকর্মীদের ক্লাস নিলেন বিহারের স্বাস্থ্যমন্ত্রী বিজেপির মঙ্গল পান্ডে। শুক্র ও শনিবার- দু’দিন ধরে বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায় ও দেবব্রত মজুমদারের উপস্থিতিতে জেলা নেতৃত্ব ও কর্মীদের নির্বাচনি রণকৌশল বাতলে দেন মঙ্গল। শুধু বিহার নয়, সূত্রের খবর, ওড়িশা থেকেও বিজেপি নেত্রীরা কুশমণ্ডি এলাকায় এসে মহিলা কর্মীদের প্রচারের কৌশল শেখাচ্ছেন। 

    দক্ষিণ দিনাজপুর জেলা দখল করতে বিহার ও ওড়িশার নেতাদের উপর ভরসা করতে হচ্ছে বিজেপিকে, এই বলে কটাক্ষ করতে ছাড়েনি জোড়াফুল। তারকা প্রচারকরা ভোটের সময় প্রচারে আসেন, তা স্বাভাবিক। কিন্তু দলের কর্মীদের ক্লাস নিতে যদি বারবার বাইরের নেতৃত্বকে আসতে হয়, তাহলে  জেলা বিজেপির সাংগঠনিক শক্তি কতটা মজবুত, তা নিয়েই প্রশ্ন উঠে যায়। ঠিক এই ভাষাতেই কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূল নেতারা। তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, বিজেপি দিল্লি, গুজরাত, উত্তরপ্রদেশ নির্ভর দল। বাংলার নেতৃত্বকেও দিল্লির নির্দেশ মেনেই চলতে হয়। বাইরে থেকে নেতা এসে যতই প্রশিক্ষণ দিন, কোনো লাভ হবে না। জেলার ছ’টি আসনই তৃণমূল দখল করবে।

    যদিও তৃণমূলের এই অভিযোগ মানতে নারাজ গেরুয়া শিবির। বিজেপির জেলা সহ সভাপতি অশোক বর্ধন বলেন, বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পান্ডে সাংগঠনিক আলোচনা করতে এসেছিলেন। নির্বাচনকে সামনে রেখে কীভাবে এগতে হবে, সেই কৌশলই তিনি শিখিয়েছেন। তাঁর পরামর্শ মেনেই আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছি।
  • Link to this news (বর্তমান)