মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের সামনে ড্রোন! আটক বিহারের ৩ বাসিন্দা
বর্তমান | ০৫ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, মালদহ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের সামনে হঠাৎ উড়ে এল রহস্যময় ড্রোন। টেকঅফের সময় সেটি হেলিকপ্টারে লাগলে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে আশঙ্কা প্রকাশ করলেন খোদ মমতা। শনিবার সামসি কলেজ মাঠে এই ঘটনার পর আটক করা হয়েছে বিহারের তিন বাসিন্দাকে।
মালদহের ছয় দলীয় প্রার্থীর সমর্থনে শনিবার মমতার চারটি কর্মসূচি ছিল। এদিন তিনি প্রথম জনসভা করেন মালদহের মানিকচক বিধানসভার এনায়েতপুরে। সামসি কলেজ মাঠে রতুয়া, হরিশ্চন্দ্রপুর ও মালতীপুরের তিন প্রার্থীর সমর্থনে নির্বাচনি সভা শেষ করে গাজোলে আরেকটি সভা করেন। এদিন দুপুর ২টো ৫ মিনিট নাগাদ মমতা যখন সামসি কলেজ মাঠের জনসভা শেষ করে গাজোল রওনা হবেন, সেই সময় হঠাৎই তাঁর হেলিকপ্টারের সামনে একটি ড্রোন উড়ে আসে। সেই সময় হেলিকপ্টারের পাখা বন্ধ ছিল, নাহলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। হেলিকপ্টারের সামনে ড্রোন উড়ে আসার ঘটনায় ক্ষোভ উগড়ে দেন মমতা। বলেন, পুলিশের একটু নজর রাখা দরকার। কারা করছে এসব, তাদের চিহ্নিত করা দরকার। ড্রোন ধাক্কা মারলে দুর্ঘটনা ঘটে হেলিকপ্টার ধ্বংস হয়ে যেত। এদিকে, এই দৃশ্য দেখে হইচই শুরু হয়ে যায়। ঘটনাস্থল থেকেই পুলিশের আধিকারিকরা তিন যুবককে আটক করেন। তাদের চাঁচল থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তিন যুবক বিহারের বাসিন্দা। কেন, কী উদ্দেশ্যে তারা ড্রোন ওড়াচ্ছিল, তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।