• প্রার্থী নিয়ে বিজেপির কোন্দল রাস্তায়, ময়নাগুড়িতে মনোনয়ন ডালিম-কৌশিকের
    বর্তমান | ০৫ এপ্রিল ২০২৬
  • ব্রতীন দাস, জলপাইগুড়ি: একই কেন্দ্রে যুযুধান পদ্মের দুই প্রার্থী। দু’জনেরই দাবি, তিনিই ময়নাগুড়ির ‘ওরিজিনাল বিজেপি ক্যান্ডিডেট’! আর তাঁদের মনোনয়ন ঘিরেই শনিবার নজিরবিহীন ঘটনার সাক্ষী রইল জলপাইগুড়ি। কারণ, প্রার্থী নিয়ে বিজেপির অন্দরের ডামাডোল নেমে এল রাস্তায়। 

    দুই নেতাই এদিন ছিলেন শ্বেতশুভ্র পোশাকে। সাদা পাঞ্জাবি, কপালে গেরুয়া তিলক আর সঙ্গে হাফ ডজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে নিয়ে বেলা সাড়ে দশটা নাগাদ জলপাইগুড়িতে জেলাশাসকের কার্যালয়ে ঢোকেন কৌশিক রায়। তার মিনিট দশেকের মধ্যে চলে আসেন ডালিমচন্দ্র রায়ও। পরনে সাদা ফতুয়া ও গলায় গেরুয়া উত্তরীয় জড়ানো, সঙ্গে জনা কয়েক বিজেপি কর্মী। ঘণ্টাখানেক পর ডিএম অফিস থেকে বেরিয়ে কৌশিক সগর্বে বলেন, ‘ময়নাগুড়ি আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে মনোনয়ন জমা করলাম।’ দলের প্রতীক পেলেন? প্রশ্ন শুনে বিজেপির বিদায়ী বিধায়কের সংক্ষিপ্ত উত্তর, ‘যেটুকু বলার বলে দিয়েছি।’ এরপরই সোজা গাড়িতে উঠে চলে যান। তিনি ময়দান ছাড়ার প্রায় আধ ঘণ্টা পর বেরিয়ে বিজেপির জেলা কমিটির সদস্য ডালিমও নিজেকে ময়নাগুড়ি কেন্দ্রে বিজেপির প্রার্থী বলে দাবি করেন। বলেন, ‘কে, কী দাবি করছেন, তা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। দল আমাকে প্রতীক দিয়েছে।’ ডালিম যখন নিজেকে ময়নাগুড়ির পদ্ম প্রার্থী হিসাবে প্রমাণ করতে তাঁর নামে পাঠানো দলের ‘ফর্ম এ’ এবং ‘ফর্ম বি’ তুলে ধরেন, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় ‘বোমা’ ফাটান কৌশিক। পোস্ট করেন নিজের নমিনেশন জমা দেওয়ার ছবি। সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘বিজেপির হয়ে দ্বিতীয়বারের জন্য মনোনয়নপত্র দাখিল করলাম।’

    ডালিম শিবিরে এ খবর পৌঁছতে সময় লাগেনি। পালটা দিতে কোমর বাঁধে তাঁর গোষ্ঠী। তবে এরপর যে ঘটনা ঘটে, তা সত্যিই অবাক করা। বিজেপির ‘আসল’ প্রার্থী যে ডালিমচন্দ্র রায়, এটা প্রমাণ করতে ময়নাগুড়ির বদলে জলপাইগুড়ি শহরে মিছিল করে বিজেপি। আর সেই মিছিলে হাঁটেন স্বয়ং প্রাক্তন বঙ্গ বিজেপি সভাপতি তথা বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। মিছিল শেষে সুকান্তবাবুর মন্তব্য, ‘ময়নাগুড়িতে আমাদের প্রার্থী ডালিমচন্দ্র রায়। এই বার্তা দিতেই এদিন জলপাইগুড়ি শহরে মিছিল করা হল। মিছিলে জলপাইগুড়ি শহরের কিছু নেতা থাকলেও কর্মীদের ৯০ শতাংশ ছিলেন ময়নাগুড়ির।’

    কিন্তু ময়নাগুড়ির পদ্ম প্রার্থী হিসাবে ডালিমকে সিলমোহর দিতে জলপাইগুড়ি শহরে মিছিল কেন? জেলা বিজেপি নেতৃত্বের কাছে অবশ্য এ প্রশ্নের উত্তর মেলেনি। ফলে দিনের শেষে ধোঁয়াশা কাটেনি গেরুয়া শিবিরের কর্মীদের। সন্ধ্যায় জেলা প্রশাসনের তথ্যেও স্পষ্ট, ময়নাগুড়িতে বিজেপি প্রার্থী হিসাবে এদিন জমা পড়েছে দু’টি মনোনয়ন।

    এদিন জলপাইগুড়ি শহরে সুকান্তবাবুর পাশে হেঁটে গোটা মিছিলে ভোটারদের উদ্দেশে হাত নাড়েন ডালিম। অথচ সেই মিছিলের আগাগোড়া কোথাও দেখা যায়নি জলপাইগুড়ি আসনের বিজেপি প্রার্থী 
  • Link to this news (বর্তমান)