নিজস্ব প্রতিনিধি, আসানসোল: শিল্পাঞ্চলে প্রচারে এলেন সাংসদ-অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। শনিবার কুলটি, জামুড়িয়া ও পাণ্ডবেশ্বর তিনটি বিধানসভায় প্রাথীদের সমর্থনে প্রচারে নামেন ‘দিদি নম্বর ওয়ান’। এদিন দুপুরে কুলটি বিধানসভার আলডি, বেজডি, পাটমোহনা, মিঠানি সহ বিস্তীর্ণ এলাকায় রোড শো করেন রচনা। লাল হুড খোলা জিপে অভিনেত্রীর সহযাত্রী হন তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটক। তাঁকে দেখতে খনি অঞ্চলের গ্রাম গুলি থেকে বাড়ির মেয়েরা ছুটে বেরিয়েছেন। কেউ প্রিয় অভিনেত্রীকে দেখে ফুল ছুড়েছেন কেউ আবার হাত নেড়েছেন। হুগলির সাংসদও তৃণমূল প্রার্থীকে জেতানোর আহ্বান জানান। রচনা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় কর্মসূচিটি ছিল এদিন পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে। ২০২১ সালের নির্বাচনেও এই পঞ্চায়েত এলাকায় তৃণমূল প্রার্থী পিছিয়ে ছিলেন। কিন্তু এদিনের জনসভায় মানুষের ঢল দেখে সেটা বিশ্বাস করা কঠিন। তারকা সাংসদকে দেখতে মহিলাদের ব্যাপক ভিড় দেখা যায়। ভিড় দেখে আপ্লুত তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী।
এদিন রচনা বন্দ্যোপাধ্যায় জামুড়িয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী হরেরাম সিংয়ের সমর্থনে প্রচার করেন বীজপুর এলাকায়। সেখানেও মানুষের ব্যাপক ভিড় ছিল। সাংসদ বলেন, তৃণমূল শুধু ভোটের সময়ে প্রতিশ্রুতি দেয় না। সাধারণ মানুষের সঙ্গে বারো মাস থাকে। যা প্রতিশ্রুতি দেয় তাই রাখে। যেমন আগের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার কথা বলেছিলেন। তিনি সেটা করে দেখিয়েছেন। এবার যুবসাথী পাচ্ছেন লক্ষ লক্ষ যুবক, যুবতী। বিজেপি ভাঁওতা ছাড়া কিছু দেয় না। -নিজস্ব চিত্র