• ঝাড়গ্রামে পদ্ম প্রার্থীদের মনোনয়নের মিছিলে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী
    বর্তমান | ০৫ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: শনিবার ঝাড়গ্রামে বিজেপি প্রার্থীদের মনোনয়ন পেশের মিছিলে শামিল হলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। এদিন শহরের সুভাষ পার্ক থেকে পদ্ম শিবিরের মিছিল শুরু হয়। মধুবনী মোড় থেকে হুডখোলা গাড়িতে চেপে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী মিছিলে শামিল হন। যদিও নির্বাচনের আগে বিজেপি’র ভিনরাজ্যের নেতাদের আনাগোনাকে কটাক্ষ করেছে তৃণমূল। কেন্দ্রের পাঠানো নেতাদের হাত ধরে জেলার বিজেপি নেতারা কতদিন চলবেন-এনিয়ে তারা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে।

    এদিন সকাল ১০টা থেকে সুভাষ পার্ক লাগোয়া এলাকায় বিজেপি ও সিপিএম প্রার্থীরা ভিড় জমান। এসডিও অফিসের দিকে যাওয়ার রাস্তায় যান চলাচল ঘণ্টাখানেক বন্ধ করে দেওয়া হয়। এদিন সিপিএমের মিছিলটি প্রথমে বের হয়। পরে বিজেপি প্রার্থীরা মিছিল সহ মনোনয়ন পেশ করতে যান।

    এদিন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার শহরের বিদ্যাসাগরপল্লির হেলিপ্যাডে নামে। সুভাষ পার্ক থেকে বিজেপির মিছিল বের হয়েছিল। শহরের পাঁচমাথা মোড়, সিধু-কানু মোড় হয়ে মধুবনী মোড়ের কাছে মিছিল পৌঁছালে বিষ্ণু দেও সাই হুডখোলা গাড়িতে চেপে তাতে শামিল হন। ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ, বিনপুরের প্রার্থী প্রণত টুডু, গোপীবল্লভপুরের প্রার্থী রাজেশ মাহাত ও নয়াগ্ৰামের প্রার্থী অমিয় কিস্কু গাড়িতে ছিলেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিজেপি’র কর্মী-সমর্থকরা চড়া রোদের মধ্যেই মিছিলে হাঁটেন।

    এদিন বিষ্ণু দেও সাই সাংবাদিকদের সামনে তৃণমূল সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন। তিনি বিহারের লালুপ্রসাদ যাদবের ‘জঙ্গলরাজ’-এর সঙ্গে বাংলার ১৫বছরের তৃণমূলের শাসনের তুলনা করেন। এই সরকার রাজ্যের মানুষের উপর অত্যাচার চালাচ্ছে বলেও দাবি করেন। সিঙ্গুর ও আরজি কর ইস্যুও তোলেন।

    তৃণমূলের পালটা কটাক্ষ, ভোটের আগে পরিযায়ী নেতাদের জেলায় জেলায় প্রচারে নামাচ্ছে বিজেপি। মনোনয়ন জমায় নজর কাড়তেই বাইরের রাজ্যের নেতাদের উড়িয়ে আনা হচ্ছে। মানুষ জানে, তৃণমূল সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছে।

    ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু বলেন, ঝাড়গ্রামে বিজেপির খেলোয়াড় নেই। ছত্তিশগড় থেকে ভাড়া করা প্লেয়ার আনতে হয়েছে। অচেনা মাঠে খেলতে এসে সব বল বাইরে ফেলে দিয়েছে। যা শেখানো হয়েছে, তাই বলছে।
  • Link to this news (বর্তমান)