• নদীয়া জেলায় একাধিক নির্বাচনি সভা করতে আসছেন মমতা, প্রস্তুতি তুঙ্গে
    বর্তমান | ০৫ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর ও সংবাদদাতা রানাঘাট: নদীয়ায় একাধিক নির্বাচনি সভা করতে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি সপ্তাহে তিনি নদীয়া উত্তরের নাকাশিপাড়া বিধানসভা, নদীয়া দক্ষিণের শান্তিপুর ও চাকদহ বিধানসভায় জনসভা করবেন। সেইমতো জোর প্রস্তুতি শুরু হয়েছে শাসক শিবিরে। নদীয়ায় সংখ্যালঘু ও মতুয়া-উভয় ভোটই নির্ণায়ক ভূমিকা পালন করে, সেখানে মুখ্যমন্ত্রীর সভা তাৎপর্যপূর্ণ। তিনি কী বার্তা দেন, সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

    আগামী সোমবার নাকাশিপাড়ার বেথুয়াডহরিতে জেসিএম স্কুল মাঠে জনসভা করবেন‌ মমতা। সেই মতো মাঠেই হেলিপ্যাড তৈরি করা হচ্ছে। মূলত নাকাশিপাড়া, কালীগঞ্জ, পলাশীপাড়া বিধানসভায় জোর দেওয়া হয়েছে। এই তিন বিধানসভাতেই মূলত বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেইমতো শনিবার বিকালের দিকে নাকাশিপাড়ায় জেলা সভাপতি মহুয়া মৈত্র প্রস্তুতি বৈঠক সারেন‌। তিনি বলেন, মুখ্যমন্ত্রী আমাদের মধ্যে আসছেন। আমরা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে এবং এই জনসভাকে ঐতিহাসিক করতে প্রস্তুত আছি। 

    দলীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বেলার দিকে নাকাশিপাড়ায় জনসভা করার পর তিনি পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ে সভা করবেন। তারপর সেখান থেকে ফের নদীয়ার শান্তিপুরে জনসভা করবেন। সেইমতো শান্তিপুরেও জোর প্রস্তুতি চলছে। সেখানেও প্রশাসনিক তৎপরতা ও কর্মী-সমর্থকদের মধ্যে উদ্দীপনা তুঙ্গে। এদিন শান্তিপুর অদ্বৈত পৌর ক্রীড়াঙ্গণে নদীয়ার জেলাশাসক থেকে শুরু করে পুলিশ সুপার ও শান্তিপুরের পুলিশ আধিকারিক সহ শান্তিপুরের বিধায়ক ও চেয়ারম্যানকে নিয়ে একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। একদিকে চলছে সভা মঞ্চের প্রস্তুতি, অপরদিকে চলছে কর্মিসভার প্রস্তুতিও। নেত্রীর এই সফরকে কেন্দ্র করে বর্তমানে শান্তিপুর তথা সমগ্র জেলাজুড়ে সাজোসাজো রব। সভার দিনক্ষণ ঘোষণা হতেই অদ্বৈত পৌর ক্রীড়াঙ্গণ পরিদর্শনে গিয়েছেন জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।

    তৃণমূলের রানাঘাট সাংগঠনিক জেলার তৃণমূলের জেলা সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায় বলেন, জনসভাকে কেন্দ্র করে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে প্রবল উচ্ছ্বাস ও উদ্দীপনা রয়েছে। শান্তিপুরের ব্লক টাউনের সমস্ত কর্মীদের নিয়ে একটি দলীয় কর্মিসভা অনুষ্ঠিত হয়। শুক্রবার চাকদাতেও আমি গিয়েছিলাম, সেখানেও কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা চোখে পড়ার মতো। এবছরের নির্বাচনে আমাদের গত ১০ বছরের খড়া কাটিয়ে আমরা এক ঐতিহাসিক রেজাল্ট দিতে চলেছি। সভায় ৩০ হাজারের বেশি লোক হবে। শান্তিপুরের বিধায়ক কিশোর গোস্বামী জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসা মানেই তো একটা আলাদা আবেগ, একটা আলাদা ভালোবাসা। তিনি আসছেন, আমরা গর্বিত এবং আপ্লুত। 

    সাংগঠনিকভাবে আমাদের এখন অনেক কাজ। সোমবার নাকাশিপাড়া এবং শান্তিপুরে জনসভা করার পর মঙ্গলবার চাকদহ বিধানসভায় জনসভা করবেন মুখ্যমন্ত্রী।   কাল নাকাশিপাড়ায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগর বাহাদুরপুরে তৈরি হচ্ছে হেলিপ্যাড। 
  • Link to this news (বর্তমান)