• বাম-বিজেপির বিরুদ্ধে কৈলাসের অস্ত্র ‘স্পেশাল ২৬’, বালিতে নিশ্চিত জয় দেখছে তৃণমূল
    বর্তমান | ০৫ এপ্রিল ২০২৬
  • প্রীতেশ বসু, বালি: কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পর্যাপ্ত পরিস্রুত পানীয় জল সরবরাহ, উন্নত নিকাশির মতো নাগরিক পরিষেবা—এবারের ভোটে বালি বিধানসভায় এসবই অন্যতম ইস্যু। ডান-বাম সব পক্ষই প্রচারে ‘জঞ্জাল মুক্ত বালি’র প্রতিশ্রুতি দিচ্ছে। মানুষের এই চাহিদার কথা ভালোভাবেই জানেন বালির তৃণমূল কংগ্রেস প্রার্থী কৈলাস মিশ্র। তাই প্রার্থী হিসাবে নাম ঘোষণা হতেই তিনি নিজেই এলাকা জঞ্জালমুক্ত করার কাজে নেমে পড়েন। ইতিমধ্যে ভ্যাটমুক্ত বালি বিধানসভা গড়তে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য ২০ বিঘা খাসজমি চিহ্নিত করা হয়েছে লিলুয়ায়। তবে শুধু ‘ক্লিন বালি, গ্রিন বালি’ নয়, গঙ্গাপাড়ের এই বিধানসভাকে ‘মডেল’ করে তুলতে তৃণমূলের হাতিয়ার আরও ২৫টি উদ্যোগ। এই সমস্ত অঙ্গীকার নিয়ে শীঘ্রই তৃণমূল জনসমক্ষে আনতে চলেছে তাদের ‘স্পেশাল ২৬’ শীর্ষক ইস্তাহার। সূত্রের খবর, শিক্ষা, স্বাস্থ্য, সার্বিক পরিকাঠামো উন্নয়ন, যুবকল্যাণ সহ একাধিক ইস্যুকে গুরুত্ব দিয়ে এই অঙ্গীকার পত্র তৈরি করা হয়েছে। দীর্ঘদিন পুরভোট না হওয়া বালি পুরসভা এলাকা এই বিধানসভার অন্তর্গত। স্বাভাবিকভাবেই প্রশ্ন রয়েছে, শুধু প্রতিশ্রুতিতেই কি বালির বৈতরণী পার করতে পারবে রাজ্যের শাসক দল? কী বলছে বালি, বেলুড়া, লিলুয়ার আম জনতা? নাম প্রকাশ্যে অনিচ্ছুক বালির এক বাসিন্দা বলেন, ‘বিজেপির প্রার্থীকে কোনোদিন এলাকায় দেখিনি। সিপিএম প্রার্থী বর্ষীয়ান নেতা। তবে তৃণমূল এবার যাঁকে প্রার্থী করেছে, তাঁকে মাঝেমধ্যেই এলাকায় দেখেছি। জনসংযোগ আছে।’ বিজেপির প্রার্থী যে বালির নয়, সেকথা মনে করিয়ে দিলেন আরেক স্থানীয় বাসিন্দা। একটু থেমে গিয়ে তিনি বললেন, ‘কৈলাস মনে হচ্ছে ওয়াকওভার পাবে।’ জয় নিয়ে আত্মবিশ্বাসী হলেও আত্মতুষ্টিতে ভুগতে নারাজ তৃণমূল প্রার্থী। গত লোকসভার নিরিখে এই বিধানসভায় ৬,৪৯২ ভোটের ‘লিড’ থাকলেও ১০টি ওয়ার্ডে পিছিয়ে ছিল তৃণমূল। ৬ মাস আগে থেকেই সেই সমস্ত বুথের কর্মীদের নিয়ে কাজ শুরু হয়েছে। কৈলাসের প্রত্যয়ী বার্তা, ‘এবার প্রতিটি বুথেই জিতব আমরা।’

    বালিতে এবার বিজেপির প্রার্থী হাওড়া পুরসভার এক সময়ের কাউন্সিলার সঞ্জয় সিং। তাঁর বাড়ি হাওড়া ময়দান এলাকায়। ২০১১ এবং ২০১৬ সালে বালির বাইরে থেকে তৃণমূলের বিধায়ক হয়েছিলেন সুলতান সিং এবং বৈশালী ডালমিয়া। ২০২১-এ ফের বালির নাগরিককেই প্রার্থী করে তৃণমূল। এই অবস্থায় সঞ্জয় সিং হাওড়া ময়দানের বাসিন্দা হওয়ায় অনেকেই প্রশ্ন তুলছেন। তবে এ বিষয়ে সঞ্জয় বলেন, ‘আমি হাওড়ায় জন্মেছি। এটা আমার জন্মভূমি এবং কর্মভূমি। বালি কি হাওড়া জেলার বাইরে?’

    সিপিএম এখানে প্রার্থী করেছে শঙ্কর মৈত্রকে। কর্মী-সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন তিনি। ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি বন্ধ জুট মিল চালু, উন্নত নাগরিক পরিষেবা, লেখক অক্ষয়কুমার দত্তের স্মৃতি বিজড়িত বাড়ি রক্ষা সহ একাধিক ইস্যুতে ভোট চাইছে তারা। তবে তৃণমূলকে ‘ওয়াকওভার’ প্রসঙ্গে বাম, বিজেপি সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের একই মত—‘অনেকে ওয়াকওভার বলতেই পারেন। কিন্তু ভোটের দিন মানুষ যাঁকে আশীর্বাদ করবে, সে-ই জিতবে। আমরা লড়ব শেষ পর্যন্ত।’ 
  • Link to this news (বর্তমান)