• সোমবার থেকে রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, জারি সতর্কতা
    বর্তমান | ০৫ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কিছু এলাকায় চলছে অস্বস্তিকর গরম। তবে শীঘ্রই ঝড়বৃষ্টিতে মিলবে সাময়িক স্বস্তি। আজ, রবিবার থেকে ঝড়বৃষ্টি শুরু হতে পারে রাজ্যের কয়েকটি জেলায়। রাজ্যের পশ্চিমাঞ্চল সহ পূর্ব বর্ধমান ও হুগলি জেলার কোথাও কোথাও আজ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কাল, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ রাজ্যের সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে তীব্র ঝড়বৃষ্টির ‘কমলা সতর্কতা’ দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ‘কমলা সতর্কতা’ থাকছে মঙ্গল ও বুধবার। 

    দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, হাওড়া, হুগলি, নদীয়া। আর উত্তরবঙ্গে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদহ। এসব জায়গায় ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫০-৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হতে পারে। 

    উত্তর-পশ্চিম বিহার থেকে হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গ হয়ে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। বায়ুপ্রবাহের গতিপ্রকৃতির পরিবর্তন হওয়ার জন্য বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করছে। এই দুই কারণে বজ্রগর্ভ মেঘ সৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, উত্তর-পশ্চিম ভারতে পরপর দু’টি পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হচ্ছে। এর প্রভাব বেশি পড়বে উত্তর ভারতে। তবে কিছুটা প্রভাব এ রাজ্যেও এসে পৌঁছাবে। তাই সব মিলিয়ে আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বাড়বে ঝড়বৃষ্টির মাত্রা। এতে পর্যায়ক্রমে ৪ দিনের মধ্যে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

     শনিবারও গরমের দাপট অব্যাহত ছিল রাজ্যের সিংহভাগ অংশে। সব থেকে বেশি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পশ্চিম বর্ধমানের পানাগড়ে (৪১ ডিগ্রি)। বারাকপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৫ ডিগ্রি, বাঁকুড়া ও পুরুলিয়ায় ৩৯.৩ ডিগ্রি। পশ্চিমাঞ্চলের অন্যান্য জায়গায়ও ৩৭-৩৯ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করেছে সর্বোচ্চ তাপমাত্রা। দমদম ও সল্টলেকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৭.৪ ডিগ্রি। উত্তরবঙ্গের মালদহে ৩৭ ডিগ্রি ও রায়গঞ্জে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা (৩৬.১ ডিগ্রি) স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি বেশি ছিল এদিন। তবে দক্ষিণবঙ্গের অন্যত্রও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি ছিল। পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও কার্যত তাপপ্রবাহ চলে। বিকালের পর উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলাপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় মাঝারি থেকে হালকা মাত্রার বৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হয়েছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল এলাকায়ও। 
  • Link to this news (বর্তমান)