• বামফ্রন্টের ইস্তাহারে বার্ধক্য ও যুব ভাতা, স্থায়ী চাকরি, বিদ্যুৎ মকুবের প্রতিশ্রুতিও
    বর্তমান | ০৫ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইস্তাহারে শিল্প, কর্মসংস্থানের পাশাপাশি ‘যুব’ ও ‘প্রবীণ’ ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিল বামফ্রন্ট। শনিবার আলিমুদ্দিন স্ট্রিট থেকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ‘বিকল্প ইস্তাহার’ প্রকাশ করেন। তাতে স্থায়ী চাকরি, শূন্যপদ পূরণ, শ্রমিকদের ন্যূনতম মজুরি, ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের উপর জোর দেওয়া হয়েছে। এছাড়া বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রতিও দেওয়া হয়েছে।

    প্রাণবন্ত গণতন্ত্র, মন্দির-মসজিদ বাদ দিয়ে কাজ, মৌলবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বামেরা বলেছে ১৬ পাতার ইস্তাহারে। প্রকাশ অনুষ্ঠানে বিমানবাবু ছাড়াও উপস্থিত ছিলেন সিপিএমের শ্রীদীপ ভট্টাচার্য, সিপিআইয়ের স্বপন বন্দ্যোপাধ্যায়, ফরওয়ার্ড ব্লকের সঞ্জীব চট্টোপাধ্যায়, আরএসপির রাজীব বন্দ্যোপাধ্যায় প্রমুখ।  বিমানবাবু বলেন, ‘শাসকদল বলে আমাদের ঘাড়ের উপর ১ লক্ষ ৯২ হাজার কোটি টাকার ঋণ চাপিয়েছে। উন্নয়ন করব কীভাবে? এখন ঋণের পরিমাণ ৭ লক্ষ ১৪ হাজার কোটি টাকা। তৃণমূলের ১৫ বছরে ৫ লক্ষ কোটি টাকার উপর ঋণ হয়েছে। তা ছিল ১ লক্ষ ৯২ হাজার কোটি টাকা। এর জবাব কে দেবে? রাজ্যে নৈরাজ্য সৃষ্টিকারী সরকার চলছে। আর কেন্দ্রের সরকার আধা ফ্যাসিবাদী কায়দায় মানুষের ঐক্য ভাঙতে চায়। এই উভয় শক্তির বিরুদ্ধেই লড়াই করতে চাইছি।’

    ইস্তাহারে ১৩টি প্রতিশ্রুতি রেখেছে বামফ্রন্ট। তা হল, প্রতি পরিবার পিছু কমকরে একটি স্থায়ী চাকরি, নিবন্ধিত বেকারদের অন্তত দু’টি চাকরির সুযোগ। এছাড়া ৫ বছরের মধ্যে সমস্ত সরকারি শূন্যপদ পূরণ ও প্রতিবছর স্বচ্ছভাবে এসএসসি, সিএসসি ও পিএসসি নেওয়ার কথা বলা হয়েছে। ইস্তাহারে শ্রমিকদের মজুরি ৭০০ টাকা, শ্রম কোড বাতিল, তৃতীয় লিঙ্গ ও ক্যুইর শ্রমিকদের সমকাজে সম মজুরির কথাও বলা হয়েছে। ক্ষমতায় এলে ১৬টি ফসলের সহায়ক মূল্য করা হবে দেড় গুণ। স্নাতক স্তর পর্যন্ত টিউশন ফি মকুব করা হবে। প্রিপেইড ডায়ানামিক মিটার বাতিল ও আয়করদাতা নয় এমন মানুষদের ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুত্ মকুব ও ২০০ ইউনিট পর্যন্ত অর্ধেক দাম নেওয়া হবে। এছাড়া ইস্তাহারে উঠে এসেছে পরিবেশ, আধুনিক স্বাস্থ্যব্যবস্থা, গণপরিবহণ, শিল্পায়নের কথাও। তামান্না-অভয়ার ন্যায়বিচার ও প্রতি জেলায় পুলিশের ‘স্বশাসিত অভয়া বাহিনী’র কথাও ইস্তাহারে আছে। প্রবীণদের জন্য ‘স্বাস্থ্য সেবা’ ও দরিদ্র প্রবীণদের জন্য ছ’হাজার টাকা ভাতার কথাও আছে। ‘নেতাজি সুভাষ যুবসেবক প্রকল্প’র অধীনে উন্নয়নমূলক কাজে যুক্ত যুবদের নিয়োগ করে মাসিকভাতা দু’হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বামেরা। 

    ইস্তাহার প্রকাশের আগে আলিমুদ্দিন স্ট্রিটে কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য প্রয়াত বনানী বিশ্বাস ও রাজ্য কমিটির সদস্য মৃণাল চক্রবর্তীর মরদেহে শেষশ্রদ্ধা জানায় বামফ্রন্ট নেতৃত্ব।
  • Link to this news (বর্তমান)