• পদযাত্রা করে মনোনয়ন পেশ প্রার্থীদের জেলায় জেলায় সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস
    বর্তমান | ০৫ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: শুরু হয়েছে দ্বিতীয় দফার মনোনয়ন জমা দেওয়ার কাজ। তৃতীয় দিনে ১৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এদের মধ্যে উল্লেখযোগ্যভাবে নজর কেড়েছেন ভাঙড়ের আইএসএফ প্রার্থী নৌশাদ সিদ্দিকি। পাশাপাশি ডায়মন্ডহারবার মহকুমার অন্তর্গত ফলতা, ডায়মন্ডহারবার সহ বিভিন্ন বিধানসভার সিপিএম প্রার্থীরা মিছিল করে মহকুমা শাসকের অফিসে গিয়ে নিজেদের মনোনয়ন জমা দিয়েছেন। হাজির ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। এখনও পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে শুধুমাত্র ফলতার প্রার্থী জাহাঙ্গীর খান মনোনয়ন দিয়েছেন। বাকি প্রার্থীরা সোমবার থেকে বিভিন্ন মহকুমা অফিসে মনোনয়ন দাখিল করবেন বলে জানা গিয়েছে। এদিন নৌশাদ ছাড়াও কান্তি গঙ্গোপাধ্যায়ের ছেলে সাম্য গঙ্গোপাধ্যায় সিপিএমের প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছেন। শনিবার সকালে ভাঙড় থেকে নৌশাদ সিদ্দিকি কর্মী-সমর্থকদের নিয়ে বারুইপুর মহকুমা শাসকের অফিসের উদ্দেশে রওনা দেন। তাঁর পিছনে ছোটো ছোটো টেম্পো এবং ব্যক্তিগত গাড়ির লাইন পড়ে যায়। বারুইপুরের পদ্মপুকুরের কাছ থেকে তারপর সেখান থেকে হেঁটে এসডিও অফিসে আসেন আইএসএফ প্রার্থী ও তাঁর সমর্থকরা। সঙ্গে ছিলেন বাম কর্মীরাও। এর জেরে বারুইপুর কুলপি রোড একপ্রকার অবরুদ্ধ হয়ে পড়ে। এদিকে, শনিবার হুগলির সমস্ত সিপিএম প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। হুগলির শ্রীরামপুর, চন্দননগর ও চুঁচুড়ায় প্রার্থীরা মনোনয়ন জমা করেন। সমর্থক-কর্মীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে সর্বত্র মনোনয়ন জমা হয়েছে। উৎসাহর বহর অনেকটাই বেশি দেখা গিয়েছে দলের উত্তরপাড়ার প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়কে ঘিরে। চণ্ডীতলা, শ্রীরামপুর, জাঙ্গিপাড়া সহ একাধিক প্রার্থীদের নিয়ে মনোনয়ন জমা করাতে শ্রীরামপুরে এসেছিলেন মীনাক্ষী। তিনি বলেন, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে বাতিল করেছে। এবার বাংলা লালের ঝড় দেখবে। অন্যদিকে, বিধানসভা নির্বাচনে শনিবার কল্যাণীর মহকুমা শাসকের দপ্তরে তিনটি বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থীরা তাঁদের মনোনয়ন জমা দিলেন। বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে সমর্থকদের নিয়ে দপ্তরে পৌঁছান প্রার্থীরা। কল্যাণী কেন্দ্র থেকে প্রার্থী সবুজ দাস, চাকদহ কেন্দ্র থেকে নারায়ণ দাশগুপ্ত এবং হরিণঘাটা কেন্দ্র থেকে স্বপনকুমার সরকার এদিন মনোনয়ন জমা করেন। তিন প্রার্থী জয়ের ব্যাপারে আশাবাদী।

    শনিবার সকালে বারাকপুর প্রশাসনিক ভবনে উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য মনোনয়ন জমা দিলেন। তাঁর মনোনয়ন ঘিরে কর্মী সমর্থকদের উৎসাহ ছিল তুঙ্গে। তিনি বলেন, আমি অনেক কাজ করেছি। আগামীতেও সেই কাজ করব। আগামী কাল, সোমবার বারাকপুরের মহকুমা প্রশাসনিক ভবনে তৃণমূলের প্রার্থী সুবোধ অধিকারী, সনৎ দে, সোমনাথ শ্যাম, তৃণাঙ্কুর ভট্টাচার্য, রাজ চক্রবর্তীরা মনোনয়ন জমা দেবেন। আর মঙ্গলবার অর্জুন সিং, পবন সিং, কৌস্তভ বাগচী, রাজেশ কুমার সহ বিজেপি’র প্রার্থীরা মনোনয়ন জমা দেবেন। শনিবার উলুবেড়িয়া মহকুমা শাসকের কার্যালয়ে নিজের মনোনয়নপত্র জমা করেন বাগনান কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরুণাভ সেন। সকালে বাগনানের খালোড় কালীবাড়িতে পুজো দিয়ে উলুবেড়িয়ায় এসে নিজের মনোনয়নপত্র জমা দেন তিনি। সঙ্গে ছিলেন উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ।  অরুণাভ সেন বলেন, তৃণমূলকে হারাতে রাজ্যের সব বিরোধী রাজনৈতিক দল এক হয়েছে। এবারও বাংলা মমতাময় হবে। 

    অন্যদিকে, উত্তর ২৪ পরগনা জেলাশাসকের দপ্তরে মনোনয়ন জমা দিলেন তিন প্রার্থী। হাবড়া বিধানসভা কেন্দ্রে নির্দল হিসাবে মনোনয়ন করলেন দেবব্রত দাস। এসইউসি থেকে প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছেন বারাসত মহকুমার দুই প্রার্থী। মধ্যমগ্রাম থেকে লড়বেন নিত্যানন্দ ঘোষ ও দেগঙ্গা থেকে ছাদেক মণ্ডল।
  • Link to this news (বর্তমান)