• ভিন রাজ্যে পোস্টিং সুপ্রতিমকে, অসুস্থতার কথা বলে অব্যাহতি চাইলেন প্রাক্তন সিপি
    বর্তমান | ০৫ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একের পর এক বদলি। কারও ক্ষেত্রে রাজ্যের অভ্যন্তরে। কারও ক্ষেত্রে ভিন রাজ্যে। এবার সেই তালিকায় যুক্ত হলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। শনিবার সকালেই তাঁকে তামিলনাড়ুর পুলিশ অবজার্ভার করে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেয় কমিশন। সূত্রের খবর, ওই চিঠি পাওয়ার পর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অব্যাহতি চেয়েছেন সুপ্রতিম। এদিকে, সোমবার হেয়ার স্ট্রিট থানার ওসি রাজীব সাহুকে বদলি করল লালবাজার। তাঁকে ঠাকুরপুকুর থানার ওসি পদে নিযুক্ত করা হয়েছে। সেই পদ থেকে লোপসাঙ শেরিং ভুটিয়াকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে আসা হয়েছে। পার্ক স্ট্রিট থানার ওসি হীরক দলপতিকে গোয়েন্দা বিভাগে ও চেতলা থানার ওসি অমিতাভ সরখেলকে স্পেশাল টাস্ক ফোর্সে বদলি করা হয়েছে। গোয়েন্দা বিভাগ থেকে পার্ক স্ট্রিটে এসেছেন নীলকান্ত রায়। চেতলার থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে মনোজ দত্তকে। 

    অন্যদিকে, পানিহাটি বিধানসভা কেন্দ্রের সেক্টর অ্যাসিস্ট্যান্ট হিসাবে দায়িত্বপ্রাপ্ত অতনু চক্রবর্তী নামে এক আধিকারিকের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। তাদের তরফে লিখিত অভিযোগ দায়ের করে জানানো হয়, পানিহাটি বিধানসভা কেন্দ্রের দায়িত্বে থাকা ওই আধিকারিক বিধি লঙ্ঘন করে বিজেপির প্রচারের কাজে যুক্ত ছিলেন। অভিযোগের প্রেক্ষিতে এবার ওই সেক্টর অ্যাসিস্ট্যান্টকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি, পক্ষপাতিত্বের অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে ফৌজদারি বিধিতে পদক্ষেপ করা হবে না, তা জানতে চেয়ে শো-কজও করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে জবাব দিতে হবে। তৃণমূলের অভিযোগ, গত ৩ এপ্রিল, শুক্রবার সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। সেখানে কয়েকজন ব্যক্তিকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পতাকা ও অন্যান্য প্রচার সামগ্রী তৈরি করতে দেখা যায়। সেই ভিডিয়ো খতিয়ে দেখে অভিযুক্ত হিসাবে অতনুকে শনাক্ত করা হয়েছে বলে দাবি তৃণমূলের। নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব পালন করার সময় এই ধরনের কার্যকলাপ শুধু দায়িত্বজ্ঞানহীনই নয়, নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতাকেও প্রশ্নের মুখে ফেলে বলে মনে করছে তৃণমূল। 
  • Link to this news (বর্তমান)