• ৮ কিমি দূরের হাসপাতালে পৌঁছাতে ১ ঘণ্টা লাগল কেন? রাহুলের মৃত্যুতে প্রযোজক ও পরিচালকের বিরুদ্ধে থানায় অভিযোগ আর্টিস্ট ফোরামের
    বর্তমান | ০৫ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রযোজক সংস্থার বিবৃতির সঙ্গে ময়নাতদন্তের রিপোর্টের বিস্তর ফারাক। একাধিক অসঙ্গতি স্পষ্ট। তাই তালসারিতে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আইনের দ্বারস্থ হল ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম। শনিবার রিজেন্ট পার্ক থানায় হাজির হন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায় সহ বহু কলাকুশলী। ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় ও পরিচালক শৈবাল বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গাফিলতির জেরে মৃত্যু, অপরাধের বিষয়ে মিথ্যা তথ্য দেওয়া ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করেন ফোরামের সাধারণ সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়। তার ভিত্তিতে ‘জিরো এফআইআর’ রুজু করে রিজেন্ট পার্ক থানা। লালবাজার জানিয়েছে, ঘটনাস্থল তালসারির সমুদ্রসৈকত। ওই এলাকা ওড়িশা পুলিশের আওতাধীন। তাই ‘জিরো এফআইআর’ করে এই অভিযোগ ওড়িশা পুলিশকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। শুক্রবার রাতেই সাংবাদিক বৈঠক করে ফোরামের তরফে জানানো হয়েছিল, শনিবার রিজেন্ট পার্ক থানায় রাহুলের অস্বাভাবিক মৃত্যুর তদন্তের জন্য মামলা হবে। কিন্তু, মামলা কেন? ফোরামের দাবি, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর্টিস্ট ফোরামের একজন সদস্য। তালসারির সমুদ্র সৈকতে শ্যুটিং চলাকালীন চোরাবালিতে পড়ে তাঁর আকস্মিক মৃত্যু হয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রযোজনা সংস্থার কাছে একটি বিবৃতি চায় ফোরাম। লীনা গঙ্গোপাধ্যায়ের সংস্থা জানায়, চোরাবালি থেকে রাহুলকে দ্রুত উদ্ধার করা হয়। তখনও রাহুল বেঁচেছিলেন। তালসারির একটি স্থানীয় ক্লিনিকে প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। পরে অভিনেতাকে নিয়ে আসা হয় দীঘা স্টেট জেনারেল হাসপাতালে। 

    এখানেই বিতর্ক। ওড়িশা পুলিশ জানিয়েছে, শ্যুটিংয়ের জন্য কোনো অনুমতি নেওয়াই হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট বলছে, রাহুল ওই চোরাবালিতে প্রায় ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত পড়েছিলেন। না হলে তাঁর ফুসফুস, লিভারে এত বেশি পরিমাণে বালি ঢুকতে পারত না। অসঙ্গতির এখানেই শেষ নয়! ওড়িশা পুলিশের তরফে রাজ্য পুলিশকে জানানো হয়েছে, তালসারির সমুদ্রসৈকতের কাছাকাছি কোনো ক্লিনিকই নেই। তাহলে রাহুলকে কোথায় নিয়ে যাওয়া হল? হাসপাতালে যেতেই বা কেন এত দেরি হল? এসব প্রশ্নে বিস্তর জল্পনা তৈরি হয়েছে। ফোরামের দাবি, ঘটনাস্থল থেকে দীঘা হাসপাতালের দূরত্ব মাত্র ৮ কিমি। ওই রাস্তা যেতে সাধারণত মিনিট ২০ লাগে। তাহলে ১ ঘণ্টা সময় লাগল কেন? এরকম একাধিক অসঙ্গতি স্পষ্ট হতেই তদন্ত দাবি করার সিদ্ধান্ত নেয় আর্টিস্ট ফোরাম। 

    সূত্রের খবর, এদিন রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করার পরই প্রিয়াঙ্কার সঙ্গে তালসারির উদ্দেশে রওনা হন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সৌরভ দাস সহ অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা। সমুদ্রে ডুবে মৃত্যুর ঘটনায় ওড়িশার তালসারি মেরিন থানার আধিকারিকদের সঙ্গে কথা বলার পর অভিযোগ দায়ের করেন রাহুল-পত্নী। প্রসেনজিৎ বলেন, ‘সহজের (রাহুলের পুত্র) জানা উচিত, ওর বাবা কেন চলে গেল?’

    অন্যদিকে, ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান তুলে ঘটনার সুবিচার চাইল টলিউড। শনিবার টেকনিশিয়ান স্টুডিয়ো থেকে শুরু হয় মিছিল। সন্ধ্যায় প্রতিবাদ মিছিল শেষ হয় রাধা স্টুডিয়োতে। সেখানে ছিলেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী, জুন মালিয়া, পরিচালক অরিন্দম শীল, সৃজিৎ মুখোপাধ্যায় প্রমুখ। 
  • Link to this news (বর্তমান)