• বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, খোঁজ নিতে গিয়ে আক্রান্ত দলের দুই পদাধিকারী
    বর্তমান | ০৫ এপ্রিল ২০২৬
  • সংবাদদাতা, বজবজ: বজবজ বিধানসভা এলাকায় প্রশান্ত বড়াল নামে বিজেপির এক সমর্থককে বেধড়ক মারধর করেছে তৃণমূল। গেরুয়া শিবিরের অভিযোগ, মাথায় আঘাত নিয়ে তিনি এখন জোকা ই এস আই হাসপাতালে চিকিৎসাধীন। তাদের আরও অভিযোগ, প্রশান্তর বাড়িতে তাঁর বাবা-মায়ের খোঁজ নিতে গিয়ে আক্রান্ত হয়েছেন দলের দুই পদাধিকারী। পাড়ায় শীতলা পুজোর রাতে প্রশান্ত কয়েকটি বিষয় নিয়ে প্রতিবাদ জানান। তারপরেই তাঁকে বেধড়ক মারধর করা হয়। এনিয়ে বজবজ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ তরুণ আদক ও দলের অন্যরা থানায় অভিযোগ দায়ের করেন।   তবে ঘটনাটি এমন নয় বলেই দাবি করেছে তৃণমূল নেতৃত্ব। শুধু তাই নয়, এর পিছনে রাজনীতির কোনো যোগ নেই বলে জানিয়েছেন তৃণমূল প্রার্থী অশোক দেব। বজবজ পুরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত বলেন, ৫ নম্বর ওয়ার্ডে একটি ক্লাব থেকে  শীতলা পুজো করেছে। সেই পুজোর উদ্বোধনে আমি এবং প্রার্থী অশোক দেবও গিয়েছিলাম। ঘটনা হল পুজোর  দিন প্রশান্ত নামে ওই যুবক আচমকা মদ্যপ অবস্থায় ওই ক্লাবে যান। সেখানে গিয়েও অশোভন আচরণ শুরু করেন। বার বার চলে যেতে বলার পরও যাননি। তখন ক্লাবের লোকজন তাকে বাড়ি দিয়ে চলে আসেন। এটাকেই রঙ চড়াচ্ছে বিজেপি।

    যদিও পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই যুবককে থানায় নিয়ে এসে মুচলেকা লিখিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। তবে শুক্রবার রাতে বিজেপির পদাধিকারী দু’জনের উপর হামলার ঘটনায় এফআইআর হয়েছে। তাতে ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল অনুগত হামলাকারীদের নাম রয়েছে। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)