• যাদবপুরে নববর্ষের মঙ্গল শোভাযাত্রায় শিকল বাঁধা উদ্বাস্তু নারীর মডেল
    বর্তমান | ০৫ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুরে নববর্ষের মঙ্গল শোভাযাত্রার থিম ‘বাংলা ও বাঙালির সংকট’। এর পাশাপাশি এসআইআরের মাধ্যমে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার প্রতিবাদও হবে। খাদ্যাভাস নিয়ে বাঙালির উপর গেরুয়া সন্ত্রাসের বিরুদ্ধেও হবে প্রতিবাদ।

    ২০১৭ সাল থেকে মঙ্গল শোভাযাত্রা গবেষণা ও প্রসার কেন্দ্রের উদ্যোগে নববর্ষের সকালে গাঙ্গুলিবাগান থেকে যাদবপুর পর্যন্ত হয় শোভাযাত্রা। এ বছর যাদবপুর সহ রাজ্যের ১৪ জায়গায় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এর অন্যতম উদ্যোক্তা বুদ্ধদেব ঘোষ বলেন, ‘এসআইআর ও নাগরিকত্বর বিষয় আমরা শিল্পের মাধ্যমে শোভাযাত্রায় তুলে ধরব। এর পাশাপাশি ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাঙালি শ্রমিকদের বাংলা বলার জন্য যেভাবে হেনস্থা করা হচ্ছে সেই বিষয়টিও তুলে ধরা হবে। আর্ট কলেজের পড়ুয়া ও বিশিষ্ট শিল্পীরা বিভিন্ন ধরনের মডেল তৈরি করছেন।’ উদ্যোক্তাদের বক্তব্য, মূলত বাঙালিত্ব তুলে ধরে এমন পুরানো জিনিসপত্র যেমন, টানা রিক্সা, পাখি, তালপাতার সেপাই, এই ধরনের মডেল রাখা হবে। এর পাশাপাশি এসআইআর, এনআরসির মাধ্যমে বেনাগরিক করার বিষয়টি তুলে ধরতে মডেল। উদ্বাস্তু মহিলার হাতে-পায়ে শিকল পরানো মডেল থাকবে। বুদ্ধদেববাবু বলেন, ‘বাঙালির খাদ্যাভাস হল মাছ-ভাত। বিজেপি বাঙালির খাবারের থালা থেকে মাছ কেড়ে নিতে চাইছে। তার প্রতিবাদে মঙ্গল শোভাযাত্রায় বড়ো মাছের মডেল থাকবে।’

    নির্বাচনের প্রাক্কালে মঙ্গল শোভাযাত্রাতেও কি রাজনীতির রং? নববর্ষের শোভাযাত্রা থেকে তবে কি ভোট প্রচারও হবে? উদ্যোক্তাদের বক্তব্য, একেবারেই নয়। শোভাযাত্রা থেকে কখনোই কাউকে ভোট দেওয়ার আবেদন জানানোর প্রশ্ন ওঠে না। এই সময় দাঁড়িয়ে বাংলা বলা মানুষজন বিপদে পড়েছেন। তাঁদের পোশাক, খাদ্যাভাস নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। ভাষা শুনে ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। এর বিরুদ্ধে বাংলা নতুন বছরের প্রথম দিনই জানানো হবে প্রতিবাদ।  
  • Link to this news (বর্তমান)