নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার রাতে কলকাতার একবালপুরে বিপুল পরিমাণ মাদক সহ দু’জনকে গ্রেপ্তার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ধৃতদের মধ্যে রয়েছেন শায়েস্তা খান নামে এক মহিলা এবং রাসেল ডি’ক্রুজ নামে এক যুবক। এনসিবি সূত্রে খবর, উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা। সেইসঙ্গে তাদের কাছ থেকে নগদ ১ লক্ষ ৪০ হাজার টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, ধৃত শায়েস্তা খান আন্তর্জাতিক মাদক কারবারি মুনিব খানের স্ত্রী। মুনিব কয়েকমাস আগে হংকংয়ে গ্রেপ্তার হয়েছে। তার গ্রেপ্তারির পর মাদক চক্রের দায়িত্ব কার্যত নিজের কাঁধে তুলে নেন স্ত্রী শায়েস্তা। একবালপুর এলাকাকে কেন্দ্র করেই চলছিল অবৈধ ব্যবসা। এনসিবির দাবি, সম্প্রতি বিদেশ থেকে বিপুল পরিমাণ মাদক কলকাতায় আসে। আর সেই সূত্র ধরেই নজরদারি বাড়ানো হয় একবালপুরে।
গোপন সূত্রে খবর পেয়ে একটি বাড়িতে অভিযান চালিয়ে শায়েস্তা ও রাসেলকে গ্রেপ্তার করেছে এনসিবি। তাঁদের কাছ থেকেই বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে তদন্তকারীদের ধারণা, চক্রের সঙ্গে আন্তর্জাতিক পাচারচক্রের যোগ আছে। বিদেশ থেকে মাদক এনে শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল ধৃত দু’জনের। তাঁদের জিজ্ঞাসাবাদ করে চক্রের আরো সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে এনসিবি।